Home » বাংলাদেশে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

বাংলাদেশে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

সময় কলকাতা ডেস্ক,১৫ জানুয়ারিঃ বাংলাদেশে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তুরাগতীরে আখেরি মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য কামনা, ঈমান হেফাজত, পারস্পারিক ভ্রাতৃত্ব, উন্নত আখলাক ও কল্যাণ কামনায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও মোনাজাতে আল্লাহর কাছে নিজেদের রাগকে বশ, নাফরমানিকে ঘৃণা, ভালোবাসা ছড়িয়ে বিশ্ব মুসলিম ভাতৃত্ব গড়ার বিশেষ আর্জি জানানো হয়। প্রায় ২৫ মিনিটব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের কাকরাইলের শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষজন ইজতেমায় মাঠে উদ্দেশে রওনা হন। লক্ষ মানুষে মুখরিত এই তুরাগতীরে অনেকে পৌঁছাতে না পেরে রাস্তাতেই অনেকে মোনাজাতে অংশ নেন। অনেকেই আবার খোলা মাঠে, যানবাহনে, বহুতল ভবন ও বাসার ছাদে থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। কষ্ট হলেও আক্ষেপ নেই তাদের। আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এতে অংশ নেবেন।

About Post Author