সময় কলকাতা ডেস্ক, ২৮ জানুয়ারিঃ পাতুরি মানেই কি ইলিশ? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক চিংড়ি পাতুরি। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। বাজারে এখন ভালো চিংড়ি পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কুমড়ো পাতায় চাপড়া চিংড়ির পাতুরি। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চাপড়া চিংড়ি-৫০০ গ্রাম
কালো সর্ষে বাটা-২ টেবিল চামচ
সাদা সর্ষে বাটা-৩ টেবিল চামচ
পোস্ত বাটা-২ টেবিল টামচ
কাঁচা লঙ্কা বাটা-২টেবিল চামচ
রসুন বাটা-১ টেবিল চামচ
নারকেল বাটা-২ টেবিল চামচ
টক দই-২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
নুন ও চিনি-স্বাদমতো
সর্ষের তেল-৩ টেবিল চামচ
কুমড়ো পাতা-২টি

প্রণালী
প্রথমেই চিংড়ি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে চিংড়িগুলি নিয়ে একে একে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, টক দই, নুন, চিনি, সব রকম গুঁড়ো মশলা ও সর্ষের তেল ভাল করে মিশিয়ে নিন। এবার কুমড়ো পাতায় ভাল করে সর্ষের তেল মাখিয়ে চিংড়িগুলি হাত দিয়ে গোল করে দিন।

এবার সর্ষের তেল দিয়ে চিংড়ি রাখা কুমড়ো পাতাটি প্যানের উপর রেখে দিন। আর একটি কুমড়ো পাতা দিয়ে ঢেকে দিয়ে ভাপে সেদ্ধ হতে দিন। ১০-১৫ মিনিট পর কুমড়ো পাতাটি উল্টে দিন। নীচের অংশটি উপরের দিকে দিয়ে ওপিঠটা সেঁকে নিন। ১০ মিনিট রেখে দিলেই হয়ে যাবে চাপড়া চিংড়ির পাতুরি। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে চিংড়ির এই পদ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার