Home » উদ্ধব ঠাকরের প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন

উদ্ধব ঠাকরের প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন

সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: দীর্ঘ দ্বন্দ্বের অবসান। শিবসেনার নাম-প্রতীক দুই-ই পাচ্ছে একনাথ শিণ্ডে শিবির। শুক্রবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। মারাঠা রাজনীতির বুকে যা অন্যতম বড় ঘটনা। গত বছরের জুনে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন তিনি। তারপরেই নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিণ্ডে।


এবিষয়ে কমিশনকে উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, ‘শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।’ এরপর গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন। জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। অবশেষে কাটল জট। দলের নাম-প্রতীক দুই ব্যবহারের অনুমতি পেল শিণ্ডে শিবির। নিঃসন্দেহে এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ল উদ্ধব শিবির।


যদিও একনাথ শিন্ডের গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘কমিশন সবটাই খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম আমরাই আসল শিবসেনা। আজ সেটাই প্রমাণিত হল।’ এবিষয়ে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত বলেন, ‘নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত জানিয়েছে, তাতে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে।’

About Post Author