সময় কলকাতা ডেস্ক, ১ মার্চ: ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়। আবার লোকাল ট্রেনকে ওই শহরের মেরুদন্ড বললেও কম বলা হবে। কারণ দেশের বড় বড় শহরে লক্ষ লক্ষ মানুষের নিরাপদে গন্তব্যে পৌঁছনোর একমাত্র ভরসা লোকাল ট্রেন। কলকাতা শহরকে কেন্দ্র করে গঙ্গার দুই পাড়েই বেশ কয়েকটি রুটে লোকাল ট্রেন পরিষেবা আছে। শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে প্রতিদিন কয়েকশো লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু এই কলকাতাতেই এমন দুই স্টেশন আছে যাদের দূরত্ব মাত্র কয়েকশো মিটার! ফলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছতে লাগে মাত্র কয়েক সেকেন্ড। কী মনে করতে পারছেন কোন দুটি স্টেশন?

ভারতবর্ষের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন বহু অসামান্য রেল স্টেশন, যেগুলিকে ঘিরে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস। যেমন আজ আপনাদের বলবো এই দুটি স্টেশনের কথা, যাদের মধ্যে দূরত্ব মোটে ২০০ মিটার। মানে হেঁটে গেলেও পাঁচ মিনিট লাগার কথা নয়। আর এই দুই স্টেশনে কোনও লোকাল ট্রেন যাতায়াত করে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে। মানে ট্রেনের মাথা যখন সামনের স্টেশনে তখন ওই ট্রেনের পিছনের কামরা আগের স্টেশনেই থাকে। কী ভাবতে অবাক লাগছে তো?

শিয়ালদা দক্ষিণ শাখার টালিগঞ্জ ও লেক গার্ডেন্স স্টেশনের কথা বলছি। সাধারণত দুটি হল্ট স্টেশনের মধ্যবর্তী দূরত্ব অন্তত ২-৩ কিমি হয়ে থাকে। কিন্তু টালিগঞ্জ ও লেক গার্ডেন্স স্টেশনের মধ্যবর্তী দূরত্ব ২০০ মিটারের কম। আরও জানলে অবাক হবেন, টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! যা যে কোনও লোকাল ট্রেনের মাত্র চারটি কামরার সমান। অর্থাৎ কোনও ১২ কামরার ট্রেন যদি মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে পড়ে তবে দুটি স্টেশন থেকেই যাত্রীরা একযোগে ট্রেনে উঠতে পারবেন। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে টালিগঞ্জ ও লেক গার্ডেন্স স্টেশনই ভারতের সবচেয়ে কম দূরত্বের।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?