সময় কলকাতা ডেস্ক,৮ ফেব্রুয়ারি: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নয়া মোড়। এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা রাজ্য বিধান পরিষদের সদস্য কে কবিতাকে তলব করল ইডি। বুধবার সাতসকালেই কবিতার দিল্লি ও হায়দাবাদ্রে বাড়িতে নোটিস পাঠায় ইডি। চলতি মাসের ১০ তারিখের মধ্যে কবিতাকে দিল্লির ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর ডিসেম্বর মাসেই আবগারি দুর্নীতি মামলায় কবিতাকে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। গত সোমবারই দিল্লির আবগারি নীতি মামলায় জড়িত সন্দেহে হায়দ্রাবাদের ব্যবসায়ী অরুণ পিল্লাইকে গ্রেফতার করে ইডি। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আপ-এর নেতাদের ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। সেই ব্যবসায়ীর সম্পর্কেই কবিতাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে মোট ১১ জনকে গ্রেফতার করেছে ইডি।

প্রসঙ্গত,ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতা, সাউথ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান। দিল্লির আবগারি নীতি তৈরি এবং মদের ডিলার বাছাইয়ে মূলত দিল্লি এই প্রতিষ্ঠানটি প্রভাব খাটায় বলে অভিযোগ। প্রভাব খাটিয়ে তেলেঙ্গানার বেশ কয়েকজন মদ ব্যবসায়ীকে দিল্লিতে বড় বরাত পাইয়ে দিয়েছিল বলেই অভিযোগ জমা পড়ে ইডি ও সিবিআইয়ের কাছে। তদন্তকারীদের দাবি, বিনিময়ে ঘুষ বাবদ একশো কোটির বেশি টাকা ঢুকেছিল এই প্রতিষ্ঠানের কর্তাদের কাছে। তাদের আরও দাবি, সেখান থেকে ঘুষের টাকা যায় দিল্লির শাসক দল আপ আদমি পার্টির তহবিলে। তদন্তকারীরা খতিয়ে দেখছে কবিতার হাত হয়ে টাকার ভাগ ভারত রাষ্ট্র সমিতির তহবিলেও জমা হয়েছে কিনা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক