Home » কেজরিওয়ালের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী ও সৌরভ ভরদ্বাজ

কেজরিওয়ালের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী ও সৌরভ ভরদ্বাজ

সময় কলকাতা ডেস্ক,৯ মার্চ: সব জল্পনার অবসান। রাষ্ট্রপতির সম্মতি মেলার পরই অবশেষ বৃহস্পতিবার দিল্লির মন্ত্রী হিসেবে  শপথ নিলেন অতিশী ও সৌরভ ভরদ্বাজ।  জেলবন্দি দুই মন্ত্রী মনীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের পরিবর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দুই বিধায়ক হিসেবে শপথ নিলেন তারা।

গত সপ্তাহেই সৌরভ ভরদ্বাজ এবং অতীশীর নাম প্রস্তাব করে উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে পাঠিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।   এরপর সেটি পাঠানো হয় রাষ্ট্রপতির সম্মতির জন্য। রাষ্ট্রপতির  সবুজ সংকেত মেলার পরই কেজরিওয়ালের মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা শপথ নেন। আপ সূত্রে খবর, সৌরভকে স্বরাষ্ট্র, নগরোন্নয়ন,পূর্ত ও বিদ্যুতের মত অতি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বভার দেওয়া হয়েছে। অন্যদিকে, অতীশীকে শিক্ষা, শ্রম এবং পর্যটনের মতো দফতরগুলির দায়িত্ব দিয়েছেন কেজরিওয়াল।  জানা গিয়েছে,সৌরভ ভরদ্বাজ দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ আসন থেকে নির্বাচিত বিধায়ক। দিল্লি জলবোর্ডের ভাইস চেয়ারম্যান ও দলের প্রধান মুখপাত্রও তিনি। অন্যদিকে অতীশী কালকাজির বিধায়ক। আপের রাজনীতি সংক্রান্ত কমিটির সদস্য।

ইতিমধ্যেই দিল্লির মদকাণ্ডে দুর্নীতির অভিযোগে তদন্তে সিবিআই হেফাজতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।  অন্যদিকে, বেআইনিভাবে টাকা লেনদেনের অভিযোগে প্রায় ন’মাস আগে থেকেই জেল হেফাজতে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। কার্যত সেই কারণেই  দুই সিনিয়র মন্ত্রীর অবর্তমানে দিল্লির প্রশাসন চালাতে নতুন মন্ত্রী হিসাবে কাউকে দায়িত্ব দিতে হয়  কেজরিওয়ালকে। তার উপর দু’-তিন সপ্তাহের মধ্যেই পেশ করতে হবে বাজেট। এই পরিস্থিতিতে কারা নতুন দায়িত্ব পান, সেদিকেই ছিল নজর। ৭০ আসনের বিধানসভায় আম আদমি পার্টির প্রতিনিধি ৬২ জন। এই বিপুল সংখ্যক বিধায়কের মধ্যে কাদের বাছা হবে, সেই প্রক্রিয়া এতদিন খুব একটা সহজ ছিল না। শেষ পর্যন্ত নিজের কাছের, বিশ্বস্ত দুই তরুণ মন্ত্রীকে বাছলেন কেজরিওয়াল।

About Post Author