সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ: শিয়ালদা মেন শাখায় শনিবার থেকে চারদিন ধরে বাতিল বহু লোকাল ট্রেন। পাশাপাশি অস্বাভাবিক দেরিতে চলছে অন্যান্য ট্রেনগুলি। নৈহাটির বদলে ঘুরপথে পাঠানো হবে বহু দূরপাল্লায় ট্রেন। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রেলযাত্রীদের। এই আবহেই রেল জানিয়ে দিল মালদা ডিভিশনে প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার (১২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ফলে মালদা শাখায় ওই সময় কোনও ট্রেন চলবে না। ফারাক্কা স্টেশনের কাছে রেললাইন সম্প্রসারণের কাজ চলার জন্য এই উদ্যোগ বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল।

পূর্ব রেলের মালদা ডিভিশনের তরফে বলা হয়েছে, রেললাইন সম্প্রসারণের জন্য ফারাক্কা স্টেশনের কাছে জরুরী ভিত্তিতে কাজ চলবে। এর জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এবং ট্রাফিক ব্লক করা হবে। ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রেল রবিবার দেরিতে চলা ট্রেনগুলির একটি তালিকাও প্রকাশ করেছে। শিয়ালদা বা হাওড়া থেকে উত্তরবঙ্গের দিকে যাতায়াতকারী সমস্ত ট্রেনই মালদা হয়েই চলাচল করে। ফলে রবিবার এই শাখায় যাওয়ার আগে আসুন এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন কত দেরিতে ছাড়বে।
- ১৩১৭৫ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।
- ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস শনিবার (১১মার্চ) ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।
- ১২৩৬৪ হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস রবিবার ৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে।
- ১৩১৭৪ আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শনিবার (১১মার্চ) ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে।
- মালদা টাউন-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে।
পাশাপাশি হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস ও মালদা টাউন-নবদ্বীপধাম এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পূর্ব রেল। তবে যাত্রীদের একাংশ মনে করছেন, এই পথে যাতায়াতকারী অন্যান্য ট্রেনগুলিও প্রভাবিত হবে। ফলে এই দেরির পরিমান আরও অনেক বাড়তে পারে।



More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?