Home » মুম্বইয়ের বস্তিতে ফের ভয়াবহ আগুন,মৃত ১

মুম্বইয়ের বস্তিতে ফের ভয়াবহ আগুন,মৃত ১

সময় কলকাতা ডেস্ক,১৪ মার্চঃ ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের আপ্পাপারা বস্তিতে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। হাজারের বেশি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে সূত্রের খবর। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ১২টি ইঞ্জিন এবং ৮ টি বড় বড় জলের ট্যাঙ্কার। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে,নিখোঁজ বহু মানুষ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে হঠাৎই আগুন লাগে মুম্বইয়ের মালাদে কুরার গ্রামের আপ্পাপারা বস্তিতে। এলপিজি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকেই এই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। আপ্পাপারা বস্তির প্রায় ৮০০ থেকে ১০০০ টি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ১২টি ইঞ্জিন। আগুন বিধ্বংসী চেহারা নেওয়ায় আরও ৮ টি বড় বড় জলের ট্যাঙ্কারও ঘটনাস্থলে পৌঁছয়।

তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। দমকল কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। তবে,এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় হাজারের কাছাকাছি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ। বিএমসি ও এমএফবি যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে নিখোঁজদের খোঁজ চালাচ্ছে। আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

About Post Author