Home » ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক,১৪ মার্চঃ বদলাতে শুরু করেছে আবহাওয়া। মার্চেই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সারাদিনই গুমোট অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ছে। যার কারণে রাজ্যে ক্রমশই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের পরিস্থিতি।


আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪০ থেকে ৮৫ শতাংশ।


পূর্বাভাস বলছে, আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। বুধবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম,বীরভূম,মুর্শিদাবাদ,পুরুলিয়া ও বাঁকুড়ায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন হতে চলেছে। অন্যদিকে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মঙ্গলবার থেকেই শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author