Home » মরশুমের প্রথম কালবৈশাখী

মরশুমের প্রথম কালবৈশাখী

সময় কলকাতা ডেস্ক,১৬ মার্চ: চৈত্রের শুরুতেই মরশুমের প্রথম কালবৈশাখী পেল বাংলা। কলকাতা  সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে  বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি।  অবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর।  একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকাল থেকেই তিলোত্তমার  আকাশ আংশিক মেঘলা ছিল। বেলা বাড়তেই গুমোট ভাব বজায় ছিল। এদিন কলকাতা ছাড়াও বৃষ্টি শুরু হয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,বর্ধমান,নদীয়া, পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়াতে। তবে,এই বৃষ্টিতে আম চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত দফায় দফায় চলবে কালবৈশাখী।   ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  আগামী সপ্তাহ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস বলছে,ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে রাজ্যে ক্রমশই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের পরিস্থিতি। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম,বীরভূম,মুর্শিদাবাদ,পুরুলিয়া ও বাঁকুড়ায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন।  দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদা,আলিপুরদুয়ারেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author