সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ: রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। যদিও দিনক্ষণ ঠিক হয়নি এখনও, তবে খুব শীঘ্রই তা ঘোষণা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ফলে শাসক ও বিরোধী সব দলই জোরকদমে নেমে পরেছেন পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের জন্য যেটুকু সময় পাওয়া যাচ্ছে তার পূর্ণ সদ্ব্যবহার করতে উদ্যোগী হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাসেই তিনি টানা জেলা সফর করবেন বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। সোমবারই অভিষেকের আগামী মাসের কর্মসূচি ঘোষণা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এপ্রিলে তিনি পাঁচটি জনসভা করবেন।

নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সিগুলির হাতে একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। এছাড়া, গরু পাচার, কয়লা পাচারের মামলাতেও চাপে শাসকদল। এরমধ্যেই সাগরদিঘি উপনির্বাচনে বিপুল ভোটে হার যথেষ্ট চিন্তায় রেখেছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে। এই আবহে সংগঠনকে চাঙ্গা করতে বার্তা দিয়েছেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার কালীঘাটে তিনি দলীয় সাংসদ, বিধায়ক এবং তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে অভিষেকও উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ভার্চুয়ালমাধ্যমে জেলা ভিত্তিক বৈঠক করবেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন তিনি সশরীরে জেলায় জেলায় জনসভা এবং সাংগঠনিক বৈঠক করবেন।
অভিষেকের সফরসূচি –
- ৮ এপ্রিল আলিপুরদুয়ার
- ১২ এপ্রিল – বাঁকুড়া
- ১৭ এপ্রিল – পূর্ব বর্ধমান
- ২০ এপ্রিল – উত্তর দিনাজপুর
- ২৯ এপ্রিল – আরামবাগ (হুগলি)

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরসূচি দেখলেই বোঝা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল জেলাগুলিকেই বেছে নিয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গের দুই জেলায় বিজেপি ও বাম-কংগ্রেস জোট যথেষ্ট শক্তিশালী। তাই পঞ্চায়েত ভোটের আগে আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। ওই জেলাগুলিতে তৃণমূলের সংগঠন ঢেলে সাজাতে পারেন তিনি।
আরও পড়ুন নজরে পঞ্চায়েত, রবিবার সাগরদিঘি দিয়েই জেলা বৈঠক শুরু তৃণমূল সুপ্রিমো মমতার
অপরদিকে বাঁকুড়া, আরামবাগে তৃণমূলের ফল ভালো নয়, তাই ওই দুই জেলাতেও বাড়তি নজর দিতে চলেছেন অভিষেক। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগামী ২৭ মার্চ নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার থেকেই জেলা সফর শুরু করছেন। ওই দিন ডায়মন্ড হারবারের আমতলা বাস টার্নিমাসের উদ্বোধন করবেন তিনি। এরপর কলকাতায় ২৯ মার্চ তৃণমূল ছাত্র-যুব সমাবেশ। এরপরই জেলায় জেলায় সফরে বেরিয়ে পড়বেন তৃণমূল সাংসদ। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে দলের নীচু তলার কর্মীদের মনোবল বাড়ানোই এখন অভিষেকের লক্ষ্য। কারণ বিভিন্ন দূর্নীতি ইস্যুতে কার্যত কোনঠাসা শাসকদল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?