Home » সুপার কাপেই কী লাল-হলুদে শেষ সুযোগ কনস্ট্যানটাইনের?

সুপার কাপেই কী লাল-হলুদে শেষ সুযোগ কনস্ট্যানটাইনের?

ইস্টবেঙ্গল কোচ

সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চ: আইএসএলে চুরান্ত ব্যর্থ হয়েছে দল। ১১ দলের প্রতিযোগিতায় নবম স্থানে শেষ করেছে কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গল। জানা যাচ্ছে, আইএসএলে ব্যর্থতার জন্য স্টিভেন কনস্ট্যানটাইনের প্রতি মোহভঙ্গ হয়েছে ক্লাব কর্তাদের। দুই বছর আইএসএলে ব্যর্থ হওয়ায় অনেক ঢাক ঢোল পিটিয়ে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন কোচকে নিযুক্ত করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। তাতে অবশ্য পরিস্থিতির বদল হয়নি। এবছরও গোটা টুর্নামেন্টে মশাল বাহিনীর দাপট দেখা যায়নি। এ পরিস্থিতিতে কোচের উপর কোপ পড়া ছিল সময়ের অপেক্ষা। লাল-হলুদ সমর্থকরাও কোচের ওপর বিরক্ত। সমর্থকদের ক্ষোভ, অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়েই ভরাডুবি হয়েছে ইস্টবেঙ্গলের। যদিও সূত্রের খবর,  সুপার কাপ পর্যন্ত সুযোগ দেওয়া হবে স্টিভেনকে।

যদি আসন্ন সুপার কাপে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল, তাহলে আগামী মরশুমে ইস্টবেঙ্গল হট সিটে কে বসবেন তা নিয়ে কলকাতা ময়দানে শুরু হয়েছে জোর তরজা। ক্লাব সূত্রের খবর,  কোচের লড়াইয়ে বাকিদের টেক্কা দিচ্ছেন জোসেপ গোম্বাউ। এই স্প্যানিশ কোচের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা কথা বলে রেখেছেন স্পনসর ইমামি ও ইস্টবেঙ্গল কর্তারা। যদিও এই খবর চাউড় হতে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কারণ, আইএসএলে ওড়িশা এফসি ক্লাবের কোচিং করানো জোসেপ গোম্বাউ খুব একটা সফল বলা যাবে না। ২০১৮ সালে প্রথমবার ভারতে কোচিং করাতে আসেন এই স্পেনীয় কোচ। ২০১৮-১৯ ও ২০১৯-২০ মরশুমে তাঁর কোচিংয়ে ওড়িশা এফসি অষ্টম এবং ষষ্ঠ স্থানে শেষ করে। তবে ২০২২-২৩ মরশুমে অনেকটাই ভালো ফুটবল উপহার দিয়েছে ওড়িশা। আইএসএলে ষষ্ঠ স্থানে শেষ করে প্লে-অফ খেলেছে গোম্বাউয়ের ছেলেরা।

সূত্রের খবর, গোম্বাউয়ের বায়োডাটা মনে ধরেছে বিনিয়োগকারী সংস্থা ইমামিরও। স্পেনের ছোট শহর আমপোস্টায় জন্ম এই স্পেনীয় কোচের। মাত্র ১৭ বছর বয়স থেকে কোচিং করাচ্ছেন তিনি। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত লা মাসিয়ায় বার্সেলোনার যুব দলের কোচিং করিয়েছেন এই স্প্যানিশ কোচ। প্রসঙ্গত এসময়ই লা মাসিয়ায় থেকেই উত্থান হয় লিওনেল মেসির। এছাড়াও দীর্ঘদিন অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন গোম্বাউ। অস্ট্রেলিয়ার যুব দলকেও কোচিং করিয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া আইসিএলে ওড়িশা এফসির হট সিটে বসেছিলেন ৪৬ বছরে স্প্যানিশ কোচ। এ বারের টুর্নামেন্ট শেষে ওড়িশার দায়িত্ব ছেড়েছেন তিনি। এবার গোম্বাউয়ের দীর্ঘ ২৪ বছরের কোচিং অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে লাল হলুদ ব্রিগেড।

About Post Author