Home » কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ২ দিনের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ২ দিনের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ধরনা

সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চ:  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে আসছেন দীর্ঘদিন ধরেই। এবার আর অভিযোগ জানিয়েই ক্ষান্ত থাকতে নারাজ তিনি। সরাসরি দিল্লিতে গিয়ে ধরনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ওড়িশা সফরের আগে নিজেই এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী ২৯ মার্চ বেলা ১২টা থেকে ৩০ মার্চ রাত পর্যন্ত ২ দিন ধরনা দেবেন দিল্লির অম্বেদকর মূর্তির পাদদেশে। তবে শুধু রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনাই নয়, রান্নার গ্যাসের দামের মূল্যবৃদ্ধিও তাঁর প্রতিবাদের তালিকায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের থেকে টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বকেয়া আদায়েই এবার খোদ দিল্লিতে ধরনা দেবেন মুখ্যমন্ত্রী। এদিন ওড়িশা রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার ধরনায় বসব, মুখ্যমন্ত্রী হিসেবেই ধরনায় বসব আমি। রাস্তার কাজ, আবাস যোজনার কাজ, ১০০ দিনের কাজ, গরীব মানুষদের প্রায় ৭ হাজার কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। কাজ করিয়েও টাকা দিচ্ছে না। তাই কেন্দ্রীয় বঞ্চনা ও  লাঞ্ছনার প্রতিবাদেই ধরনায় বসব’। মুখ্যমন্ত্রীর আরও দাবি, এর আগে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তিনি বকেয়া মেটানোর দাবি করেছিলেন। তাতেও কোনও কাজ হয়নি।

আরও পড়ুন  মমতার পথে এবার তামিলনাড়ুতেও ‘লক্ষ্ণীর ভাণ্ডার’! কত টাকা পাবেন মহিলারা?

ওড়িশা যাওয়ার আগে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি সারা জীবন গরীব মানুষের জন্য কাজ করে এসেছি। আবারও করব। ১০০ দিনের টাকা গবীব মানুষের টাকা। আমি একটাই কথা বলব এই বাজেটে ১০০ দিনের কাজের জন্য কোনও টাকা বরাদ্দ করা হয়নি। আবাস যোজনাতেও বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবারই তিনদিনের ব্যক্তিগত সফরে ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পুরীর মন্দিরে পুজো দেওয়ার কথা। সেই সঙ্গে পুরীতে রাজ্য সরকারের গেস্ট হাউস তৈরির জন্য জমি ও নকশা দেখার পরিকল্পনা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

এছাড়া জানা যাচ্ছে, তিনি দেখা করতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও। তবে ওই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওড়িশা যাওয়ার আগেই দিল্লিতে দুই দিনের ধরনায় বসার কথা বলে বড়সড় ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি, কলকাতায় এসে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এরপর তিনি ওড়িশা গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গেও বৈঠক করতে পারেন। শোনা যাচ্ছে আগামীদিনে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও দেখা করতে পারেন। ফলে আগামী লোকসভা ভোটের আগে অবিজেপি-অকংগ্রেসী বিরোধী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছেন বলেই মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের।

About Post Author