Home » শিরে সংক্রান্তি? দেশের দৈনিক করোনা আক্রান্ত ১,৫০০ পার করল, মৃত্যু হল ৩ জনের

শিরে সংক্রান্তি? দেশের দৈনিক করোনা আক্রান্ত ১,৫০০ পার করল, মৃত্যু হল ৩ জনের

দৈনিক করোনা

সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ: বিগত পাঁচ মাসে প্রথমবার, দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার পার করল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ করোনা আক্রান্তের। ফলে নতুন করে করোনা আতঙ্ক ফিরে আসছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে। পরিসংখ্যান বলছে, শনিবার সকাল পর্যন্ত ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮,৬০১ জন। কিন্তু চিন্তার বিষয় হল, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৯০ জন। আর সুস্থ হয়েছেন মাত্র ১১০ জন। তবে মৃত্যুর হার অনেকটাই কমেছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে।

আরও পড়ুন  হাইকোর্টের নির্দেশের পর সিভিক ভলান্টিয়ারদের কাজ নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ

বর্তমানে ভারতে করোনা পজিটিভিটি হার মাত্র ১.২৩ শতাংশ। মৃত্যুর হারও সর্বনিম্ন। বিগত পাঁচ মাসে দৈনিক আক্রান্তের সংখ্যাও হাজারের নীচে ছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে তা বাড়তে শুরু করে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, শনিবার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪৭,০২,২৫৭ জন। এখনও পর্যন্ত ভারতে মোট ২২০ কোটি ৬৫ লক্ষ মানুষ কোভিড টিকা নিয়েছেন। ফলে সুস্থতার হারও অনেকটা বেড়েছে আর মৃত্যুর হার কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মৃত্যুর হার এখন মাত্র ১.১৯ শতাংশ। আর সেখানে সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ। কিন্তু দৈনিক আক্রান্তের হার বৃদ্ধি এখন মাথাব্যাথার কারণ বলে মনে করছেন চিকিৎসক মহল।

আরও পড়ুন  জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ

এমনিতেই সারা দেশে অ্যাডিনো ভাইরাস এখন মাথা ব্যাথার কারণ। মূলত শিশুরা অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মৃতের সংখ্যাও অনেক। এছাড়া নানা রকম ফ্লু আতঙ্ক ছড়াচ্ছে দেশে। সাধারণত, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে শিশুদের। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তের হার বৃদ্ধি নতুন করে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, ইউরোপের কয়েকটি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। ইসরায়েলের বিজ্ঞানীদের দাবি, করোনার দুটি ভ্যারিয়েন্ট মিলে এই নতুন প্রজাতি তৈরি হয়েছে। আপাতত এক দম্পতির শরীরেই মিলেছে ওই নতুন প্রজাতি। যদিও ভারতে এখনও নতুন প্রজাতির করোনা ভাইরাসের কোনও খবর নেই। তবুও যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ তা যথেষ্ট চিন্তার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। তিনি স্বাস্থ্য মন্ত্রককে সজাগ নজর রাখার নির্দেশ দিয়েছেন।

About Post Author