Home » দু’দিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দু’দিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার দু’দিনের বঙ্গ সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  ২৭ মার্চ, সোমবার সপ্তাহের প্রথম দিনেই তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। রাষ্ট্রপতির এই সফরে এদিন বিকেলে তাঁকে নাগরিক সংবর্ধনা দিতে চলেছে রাজ্য সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই সূত্রের খবর।


জানা গিয়েছে, কলকাতায় এসে প্রথমেই রাষ্ট্রপতি যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। এরপর তিনি যাবেন জোড়াসাঁকোতে। ঠাকুরবাড়ি পরিদর্শনের পর ইউকো ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে রাষ্ট্রপতির। এরপর এদিন বিকেলেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই জানা গিয়েছে। এরপর ২৮ তারিখ বেলুড় মঠে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তারপর শান্তিনিকেতন হয়ে দিল্লি ফিরে যাবেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে,বিশ্বভারতীতে সমাবর্তন উৎসবের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতন যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন    আত্মঘাতী বিখ্যাত অভিনেত্রী আকাঙ্খা


প্রসঙ্গত, ভারতের প্রথম আদিবাসী মহিলা হিসাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিরোধী দলগুলির হয়ে প্রার্থী ছিলেন সেসময়ের তৃণমূল সদস্য যশোবন্ত সিনহা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর তিনি তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানিয়েছিলেন, তিনি যদি আগে থেকে জানতেন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হিসাবে দাঁড় করাতে চলেছে এনডিএ, তাহলে অন্যকিছু সিদ্ধান্ত নিতে পারতেন। যদিও দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পরই টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন    ডিএ ইস্যুতে আন্দোলনকারীদের গণ ই-মেইল রাষ্ট্রপতিকে

About Post Author