সময় কলকাতা ডেস্ক,২ এপ্রিল : হাওড়ার ছায়া যেন রিষড়ায়।হাওড়ার পরে এবার রামনবমীর মিছিল ঘিরে এবার অশান্ত হয়ে উঠল রিষড়া। ছড়াল উত্তেজনা। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুরের অভিযোগ।শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতির গাড়ি ভাঙচুর, আক্রান্ত বিজেপি বিধায়ক।অশান্তির জেরে নিরাপত্তা বিঘ্নিত বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের । নিরাপত্তা রক্ষীরা তাঁকে সময়মত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় কোনও বিপদ হয়নি।

কারা শান্তি বিঘ্নিত করেছে তা নিয়ে চাপানউতোর বিজেপি ও তৃণমূল শিবিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। যদিও পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক।

রবিবার বিকেলে রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা। রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই মিছিলে হামলা চলে বলে অভিযোগ। চলে ইটবৃষ্টি তাতে মোহন আদকের গাড়ির কাচ ভাঙে, আহত হন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষও। তাঁদের তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত বিধায়ককে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হাসপাতালে। সেখানে বসেই তিনি রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অভিযোগে কার্যত ফেটে পড়েন।

আহত বিধায়ক বিমান ঘোষের অভিযোগ, ”মিছিল শেষের দিকে আচমকা ইট, কাচের বোতল, বোমা নিয়ে জনা কয়েক দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। তাঁর দাবি, রাজ্য প্রশাসন যদি এ নিয়ে যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কেন্দ্রের কাছে দরবার করব। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাব।”

সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, ”আমি জানি না লোকজন কে কোনদিকে ছড়িয়ে পড়েছে। খুব বিশৃঙ্খল পরিস্থিতি। ওখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে শুনলাম। কারা করেছে, জানা নেই। ” সবমিলিয়ে, রিষড়ায় এখনও রয়েছে উত্তেজনা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী