Home » ভয়াবহ তুষারঝড় সিকিমে,মৃত ৬

ভয়াবহ তুষারঝড় সিকিমে,মৃত ৬

সময় কলকাতা ডেস্ক,৫ এপ্রিলঃ প্রবল তুষারঝড় সিকিমে। ছাঙ্গু রোডে ১৭ মাইলে তুষার ঝড়ে বিপাকে অন্তত ১৫০ পর্যটক। মঙ্গলবার ভয়াবহ তুষারঝড়ে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে খারাপ আবহাওয়া ও সন্ধে নেমে যাওয়ায় উদ্ধারকার্য বাধা পাচ্ছে। সোমবার রাত থেকে দফায়-দফায় তুষারপাত চলছে পূর্ব সিকিমের নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু এলাকায়। ফলে ১৫ মাইলের পর আর পর্যটকদের যেতে দেওয়া হচ্ছিল না।


প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তুষারপাতের খবর পেয়ে এদিন সকালে পর্যটক দল ছাঙ্গুর উদ্দেশ্যে রওনা হয়। তাতেই বিপদ বাঁধে। স্থানীয় সূত্রে খবর, কিছু অতি উৎসাহী পর্যটক ১৫ মাইলে গাড়ি রেখে পায়ে হেঁটে ১৭ মাইল পর্যন্ত পৌঁছে যান। উদ্দেশ্য ছিল, ছবি তোলা। সেখানে বরফের পুরুস্তর ছিল। তাতে পা দিতেই তলিয়ে যান তাঁরা। ১৭ মাইলের কাছে নামতে প্রবল তুষার ঝড়ের মুখে পড়েন তাঁরা। বেশ কয়েকজন বরফে তলিয়ে যায় বলে খবর। তাঁদের মধ্যে শিশুও আছে বলে জানা গিয়েছে।

অসমর্থিত সূত্রে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে অনেকেই বাংলার বাসিন্দা বলে খবর।বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশ, সিকিমের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন,পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় চালকরা উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

About Post Author