সময় কলকাতা ডেস্ক,৬ এপ্রিল: রামনবমীর মিছিল ঘিরে অশান্ত হয়েছিল রাজ্যের নানা প্রান্ত। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল হাওড়া, হুগলির রিষড়া সহ একাধিক জায়গা। এবার সেই পরিস্থিতি থেকেই শিক্ষা নিয়ে হনুমান জয়ন্তীতে আরও কড়া প্রশাসন। বুধবার নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা ডিএম, এসপি-দের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। মিছিলে কোনোরকম অশান্তি যাতে না হয়, বা কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশকে একাধিক নির্দেশ দেওয়া হয়।

কলকাতা, বারাকপুর ও চন্দননগরের স্পর্শকাতর এলাকায় শান্তি বজায় রাখতে ৩ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে, হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, বুধবার কলকাতা হাই কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এদিন পুলিশের শীর্ষ কর্তারা বৈঠকে বসেন। তিন কোম্পানি আধা সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে বড় সংখ্যায়। কিন্তু যেখানে প্রয়োজন হবে, সেখানে আধা সেনাও থাকবে। হনুমান জয়ন্তীর মিছিল নিয়েও একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশকে। যাঁরা মিছিলে অংশ নেবেন, তাঁদের নামের তালিকা আগে থেকে প্রশাসনকে দিতে হবে। সেই তালিকা খতিয়ে দেখে সবার জন্য পুলিশের তরফে পরিচয়পত্র দেওয়া হবে। এই কার্ড ছাড়া কাউকে মিছিলে অংশ নিতে দেওয়া হবে না। ১০০ জনের বেশি সদস্য মিছিলে অংশ নিতে পারবে না। যদিও সামগ্রিকভাবে নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশেরই। স্পর্শকাতর জায়গায় থাকবে সিআরপিএফ। পুলিশকে সঙ্গে নিয়ে সর্বক্ষণ রুটমার্চ করবেন আধা সেনার জওয়ানরা।

আরও পড়ুন জাপানেও রেকর্ড গড়ল আর আর আর
সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই হনুমান জয়ন্তীতে মিছিল করার জন্য রাজ্য সরকারের কাছে ১৫০ টিরও বেশি আবেদন জমা পড়েছে। সেই মিছিলে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাত থেকেই ময়দানে নেমে পড়েছে পুলিশ বাহিনী। মঙ্গলবার রাত থেকেই চলছে পুলিশের রুট মার্চ। কলকাতা পুলিশের তরফে হনুমান জয়ন্তীর শোভাযাত্রার অনুমতির জন্য অনলাইনে ফর্ম ছাড়া হয়েছে।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
হকার উচ্ছেদ, বুলডোজার রায়
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!