সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিলঃ ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার গুরুত্ব বোঝেন না,তার কম শিক্ষাগত যোগ্যতা দেশের জন্য ভয়ংকর।’ এবার এমনটাই দাবি করে জেল থেকে বসে দেশবাসীকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখলেন জেলবন্দী আম আদমি পার্টি নেতা তথা দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। বেশ কিছুদিন আগেই দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন মনীশ। তারপর থেকে লাগাতার আম আদমি পার্টির সুপ্রিম অরবিন্দ কেজরিয়াল বিভিন্ন সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবার দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া লেখা চিঠিটি টুইটারের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন অরবিন্দ কেজরিয়াল। চিঠির সারাংশ উদ্ধৃত করে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন,‘জেল থেকে জাতির উদ্দেশ্যে চিঠি লিখেছেন মণীশ। চিঠিতে উল্লেখ রয়েছে, মোদী বিজ্ঞান বোঝেন না। মোদী শিক্ষার গুরুত্ব বোঝেন না। গত কয়েক বছরে প্রায় ৬০ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে।’ যদিও এই চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন গভীর রাতে ভয়াবহ বাস দুর্ঘটনা চিংড়িঘাটায়!
উল্লেখ্য,গত বছরই দিল্লির আবগারি নীতি নিয়ে বিতর্কের দানা বেঁধেছিল। এরপরই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশেই দিল্লির আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু করে ইডি ও সিবিআই। কারণ, আবগারী বা মদ বিক্রি নীতিতে মূল অভিযোগই ছিল বেআইনিভাবে পথে অর্থ উপার্জন। তিন মাস আগেই সিবিআই এই মামলার চার্জশিটও পেশ করে। সিবিআইয়ের ওই চার্জ শিটে মণীশ সিসোদিয়া সহ ১৫ জনের নাম ছিল। ১১ পাতার ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভুয়ো অ্যাকাউন্টের নথি পাওয়া গেছে বলে দাবি সিবিআইয়ের। মনীশের বিরুদ্ধে সিবিআই যে ধারাগুলিতে মামলা দায়ের করেছিল, তারমধ্যে দুটি ধারা ইডির প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে তদন্তের অধীনে পড়ে। সেগুলি হল, ভারতীয় দণ্ডবিধির ১২০-বি এবং ৪৭৭। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ নম্বর ধারার মামলা দায়ের হয়েছিল।

এদিকে, গত ২০ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। দু’সপ্তাহ আগেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে টানা নয় ঘণ্টা ম্যারাথন জেরা করে ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার মুখোমুখি বসিয়ে কবিতাকে জেরা করা হতে পারে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি।


More Stories
নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব, পারলে মানহানির অভিযোগ করুক: কাকলিকে চ্যালেঞ্জ কুণালের
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
অভিষেকের অফিসে ভাঙচুর