সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: পাঁচ দিন পর উঠল কুড়মিদের রেল অবরোধ। পাঁচ দিন ধরে চলা অবরোধ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন কুড়মিরা। তবে অবরোধ উঠলেও আন্দোলন জারি বলে জানিয়ে দিয়েছেন কুড়মিরা। এই ৫ দিনে প্রচণ্ড দাবদাহে, গরমে রাস্তাঘাট অবরুদ্ধ, ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষকে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়েছে, সেই সমস্যার কথা ভেবেই অবরোধ তুলে নিলেন কুড়মিরা। পুরুলিয়া কুস্তাউড় স্টেশন থেকে এই ঘোষণা করলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো। তিনি জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে তাঁরা সেভাবে সহযোগিতা পাননি। উল্টে রাজ্য সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার অভিযোগ তুলেছেন কুড়মি নেতারা।

প্রসঙ্গত, আদিবাসী কুড়মি সমাজকে আদিবাসী তপশিলি জাতি অন্তর্ভুক্ত করার দাবিতে গত ১ এপ্রিল থেকে আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধ চলছিল পুরুলিয়া কুস্তাউড় স্টেশন ও খেমাশুলি স্টেশনে। টানা পাঁচ দিনের এই রেল অবরোধ দুর্ভোগে পড়েছিলেন সাধারণ রেল যাত্রীরা। যাত্রী দুর্ভোগের জেরে শনিবার থেকে এই রেল আবারোধ তুলতে উদ্যোগী হন পুরুলিয়া জেলা প্রশাসন। এদিন কুড়মিদের নিয়ে একাধিক বার বৈঠকও করে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝারগ্রামের জেলা প্রশাসন।
আরও পড়ুন বিজেপি বিরোধী জোট গঠনের চেষ্টা!

রবিবার সকালে ফের কুড়মি প্রতিনিধি দের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠক শেষে কুড়মি সমাজের দাবি তাদের আন্দোলন তুলে নিতে রাজ্য সরকার চাপ সৃষ্টি করছে। এদিন মাঝ পথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন কুড়মি প্রতিনিধিরা। এদিন রাজ্য সরকারের তরফে একটি চিঠি কুড়মিদের হাতে তুলে দেওয়া হয়। যদিও সেই চিঠি ফিরিয়ে দেন কুড়মি নেতা অজিত মাহাত। সেই চিঠি তে রাজ্য সরকার তরফে কুড়মিদের বৈঠকের জন্য আহ্বান করা হয়।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার
জাল লটারির ব্যবসা, অভিযোগ দায়ের