Home » তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর, ৪১ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা

তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর, ৪১ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা

সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল: তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আরও ৬ দিন লু বইবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। আগামী এক সপ্তাহের মধ্যে গরম আরও বাড়বে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। শনিবারই একাধিক জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় আজ সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৫ থেকে ৮৭ শতাংশ।

আরও পড়ুন    মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে বিপর্যয়, প্রবল রোদে হিটস্ট্রোকে মৃত ১১


পূর্বাভাস বলছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে। ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও পাল্লা দিয়ে বাড়ছে গরম। তবে, দুই দিনাজপুর ও মালদায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এদিকে,উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা।

About Post Author