সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল: বদলি করা হল কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসকে। দীর্ঘ টালবাহানার পর তাঁকে বদলি করা হল। কালিয়াগঞ্জ ইস্যুতে ব্যাকফুটে পুলিশ। তার জেরে ভাবমূর্তি নষ্ট হচ্ছে রাজ্য সরকারের। এই পরিস্থিতিকে কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসকে বদলি করে পাঠানো হল শিলিগুড়ি জিআরপি থানায়। শুক্রবারই কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসকে বদল করার নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। এদিকে,শিলিগুড়ি জিআরপির ইনস্পেক্টর সুবলচন্দ্র ঘোষকে নিয়ে আসা হল কালিয়াগঞ্জ থানার আইসির দায়িত্বে। গত কয়েকদিন ধরে কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। থানা জ্বালিয়ে দেওয়া হয়। যা ঠেকাতে পারেনি পুলিশ। আবার পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এইসব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জেলা থেকে কলকাতার রাজপথে আন্দোলনের আঁচ পড়ে। এই পর পর ঘটনাকে ঘিরে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ।

এদিকে, কালিয়াগঞ্জ কাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে শুক্রবার রাজ্য সরকারের তিন কর্তাকে দিল্লিতে তলব করল জাতীয় তফসিলি কমিশন। রাজ্য সরকারের ওই তিন কর্তাকে ২৮ এপ্রিল অর্থাৎ আজকের মধ্যে হাজিরার জন্য নোটিস পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন, উত্তরবঙ্গের আইজি, উত্তর দিনাজপুরের এসপি, জেলাশাসক এদিনের মধ্যে হাজিরা না দিলে তাঁদেরকে গ্রেফতার করা হতে পারে। এদিকে বৃহস্পতিবারই কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, মঙ্গলবারের মধ্যে কালিয়াগঞ্জ কাণ্ডের রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। শুধু তাই নয়, ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখার নির্দেশও দেন বিচারপতির রাজাশেখর মান্থা। বুধবারই সিবিআই তদন্তের দাবি নিয়ে বুধবার হাইকোর্টে মামলা করেছিলেন মৃতার বাবা।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী আদালতে জানান, ২০ এপ্রিল নাবালিকাকে খুন করে ধর্ষণ করা হয়। পুলিশ তার দেহ নৃশংসভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। এমনকী ময়নাতদন্তের রিপোর্টও পরিবারকে দেওয়া হয়নি। এরপর রাজ্য পুলিশের ওপর কোনও ভরসা নেই। পাল্টা রাজ্য সরকার পরিবারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে আদালতে। রাজ্যের তরফে আরও জানানো হয়, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে নাবালিকার শরীরে বিষ ছিল। তবে ধর্ষণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এদিনের শুনানি শেষে বিচারপতি মান্থা বলেন, তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা করতে হবে রাজ্য পুলিশকে। উল্লেখ্য, গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বাড়ির কাছে একটি পুকুর পাড় থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ,তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে কিশোরীর মৃতদেহ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় তেতে ওঠে কালিয়াগঞ্জ। দফায় দফায় চলে পথ অবরোধ। অশান্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর জাতীয় সড়ক। জনতার রোষের মুখে পড়েন পুলিশকর্মীরা। বেপরোয়া ইটবৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ্য করে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। তুঙ্গে ওঠে কেন্দ্র-রাজ্য তরজাও।

আরও পড়ুন কালিয়াগঞ্জ কাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগ, রাজ্য সরকারের তিন কর্তাকে তলব জাতীয় তফসিলি কমিশনের
মঙ্গলবারই কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেয় আদিবাসী সংগঠন। সবমিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় কালিয়াগঞ্জে। কয়েকঘন্টা কাটতে না কাটতেই পুলিশকে মারধরের ছবি ভাইরাল। প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়েও রেহাই পেল না পুলিশ। লোকের বাড়িতে খাটের তলায় ঢুকে প্রাণ বাঁচানোর চেষ্টার সেই ছবি প্রকাশ্যে এসেছে। খাটের নীচে আশ্রয় নিলেও লাভ হয়নি। সেখান থেকে বের করে লাঠি দিয়ে বেধড়ক মার উন্মত্ত জনতার। মুখ থেকে ঝরছে রক্ত। এরপরে হাতজোড় করে প্রাণভিক্ষা পুলিশের। কালিয়াগঞ্জে পুলিশকে মারধরের ভয়ঙ্কর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কালিয়াগঞ্জ কাণ্ডে আগেই সিবিআই তদন্ত চেয়ে এবং নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদানের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। পাশাপাশি ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্যেও আবেদন জানিয়েছিলেন মামালকারীর আইনজীবী। কিন্তু প্রধান বিচারপতি জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছেন, দ্রুত শুনানি করা সম্ভব নয়। আগামী সোমবার মামলার শুনানি হবে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান