সময় কলকাতা ডেস্ক, ৫মেঃ সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি মামলা সরানো হয়েছে। আর এরপরই সিবিআই তদন্ত খারিজের জন্য তৎপর হল রাজ্য৷ এবার পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বন্ধের আর্জি জানিয়ে নতুন বেঞ্চের দ্বারস্থ পুরদফতর। আগামী সোমবার মামলার শুনানি৷

উল্লেখ্য,টেট দুর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক নথি পেয়েছিল ইডি৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন ইডি আদালতকে জানিয়েছিল, গত ২০ এবং ২১ মার্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে রাজ্যের বিভিন্ন পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির একাধিক তথ্য জানতে পেরেছেন আধিকারিকেরা৷ অয়ন শীলের বাড়ি ও অফিস থেকে পুর নিয়োগ সংক্রান্ত বহু নথিপত্রও উদ্ধার হয়েছে ইতিমধ্যেই৷ ইডি-র দাবি এবং সাওয়াল জবাবের পর পুর নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
আরও পড়ুন নবাবের শহরে বাদশাহী প্রত্যাবর্তন নাইটদের, জিইয়ে রইল প্লে-অফের আশা

এরপরই শীর্ষ আদালত হাইকোর্টের সেই নির্দেশের উপরে সাত দিনের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে৷ তার মধ্যেই বিচারপতির বেঞ্চ বদলের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর৷ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সরতেই সেই মামলায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল রাজ্য৷ রাজ্যের পুর দফতরের তরফে দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন৷ পুরসভা সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া তাঁর এজলাসে হচ্ছিল না৷ তাই এ বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ ওই এজলাস থেকে আদৌ দেওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে। পাশাপাশি কুন্তল ঘোষের চিঠি নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সেই নির্দেশের বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ২টি মামলা৷


More Stories
বারুইপুর : জমা-খরচ, দৈব বিচার এবং এনকাউন্টার নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কী?
পুলিশের সঙ্গে বিবাদে জলপাইগুড়িতে ২ ছাত্র আটক : প্রতিবাদী নাকি মদ্যপ?
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ