Home » ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে

ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে

সময় কলকাতা ডেস্ক, ১২ মে : ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। বৃহস্পতিবার পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায় জঙ্গিরা। সূত্র মারফত জানা গিয়েছে, মণিপুরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক কমান্ডোর। আহত ৩ জন। ইতিমধ্যেই মায়ানমার সীমান্ত লাগোয়া এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মায়ানমার সীমান্ত লাগোয়া এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় আচমকাই তাঁদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই মণিপুরে অশান্তি চলছে। এর মূলে রয়েছে মেটেই জনজাতির সঙ্গে আদিবাসীদের সংঘাত। মণিপুরের মেইতেই জনজাতিকে তফসিলি উপজাতির তকমা দেওয়ার দাবি দীর্ঘদিনের। মণিপুরের বিজেপি সরকার সেই দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তাতেই ক্ষুব্ধ কুকি-সহ অধিকাংশ আদিবাসী সংগঠন। তাদের বক্তব্য, মেইতেইরাও যদি তফসিলি উপজাতির স্বীকৃতি পেয়ে যায়, তাহলে আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হবে। তাছাড়া, মণিপুরের বিজেপি সরকার স্থানীয় বনাঞ্চলগুলিতে সমীক্ষা চালাচ্ছে। আদিবাসীদের আশঙ্কা, সরকার এবার বনভূমি ধ্বংস করতে চলেছে। মণিপুরের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ মূলত দু’টি। প্রথমত, রাজ্যের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল এবং জলাভূমির উপর বনবাসী জনজাতিদের চিরাচরিত অধিকার কেড়ে নেওয়া। দ্বিতীয়ত, রাজ্যের গির্জাগুলির উপর লাগাতার হামলার ঘটনা। পাল্টা রাজ্য সরকারের দাবি, রাজনৈতিক উস্কানির কারণেই এমন অশান্তির ঘটনা ঘটছে। আদিবাসী জনজাতিদের ভুল বোঝানো হচ্ছে।

আরও পড়ুন    রাজু ঝা হত্যাকাণ্ডে স্ত্রীর গোপন জবানবন্দি সিজেএমের কাছে নথিভুক্ত করানোর আবেদন সিটের

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সভার ঠিক আগেই চূড়াচাঁদপুরে সভাস্থলে তৈরি হয় অশান্তির পরিস্থিতি। বিক্ষুব্ধ জনগণ আচমকা সভাস্থলে আগুন ধরিয়ে দেয়। জানা গিয়েছে, আন্দোলনের পুরোভাগে রয়েছে মণিপুরের আইটিএলএফ নামে একটি সংগঠন। সেই সংগঠনের তরফে জানানো হয়েছে, বীরেন সিংহ সরকারের সঙ্গে আপোসের কোনও প্রশ্নই নেই। অন্যদিকে, অগ্নিগর্ভ মণিপুরে নিষিদ্ধ হয়েছিল বড় জমায়েত। বন্ধ ছিল ইন্টারনেটও। বিক্ষোভের আগুন জ্বলছে চারিদিকে। জারি ছিল ১৪৪ ধারাও। কিন্তু এসবের মধ্যেও বিক্ষোভ কর্মসূচী চলছিল। মূলে রয়েছে মেটেই জনজাতির সঙ্গে আদিবাসীদের সংঘাত। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে মেরি কমের মতো আন্তর্জাতিক মানের অ্যাথলিটদেরও অসহায় হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানাতে হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে মেরি কম টুইটে লিখেছেন, “আমার রাজ্য মণিপুর জ্বলছে। দয়া করে সাহায্য করুন।” নিজের টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে।

About Post Author