Home » আপাতত বড়সড় স্বস্তি আদানি গ্রুপের

আপাতত বড়সড় স্বস্তি আদানি গ্রুপের

সময় কলকাতা ডেস্ক,১৯ মেঃ বড়সড় স্বস্তি আদানি গ্রুপের। গৌতম আদানি ও তার সংস্থাকে ক্লিন চিট দিল দেশের শীর্ষ আদালতের তৈরি বিশেষ কমিটি। হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই জল্পনার কেন্দ্রে ছিল আদানি গোষ্ঠী। কর্পোরেট কারসাজির অভিযোগে বিদ্ধ গৌতম আদানি ও তাঁর দাদা বিনোদ আদানি। বণিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও এনিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে। এহেন পরিস্থিতিতে প্যানেলের সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেলেন গৌতম আদানি। প্রসঙ্গত, হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশের পর থেকেই অস্বস্তি বেড়েছিল আদানি গ্রুপের। অনেকটাই পড়েছিল আদানি গ্রুপের শেয়ার দর। চাপ বাড়ছিল গৌতম আদানি ও তাঁর দাদা বিনোদ আদানির উপর।

যদিও সেই মন্দা দশা এদিন অনেকটাই কেটে গেল। সম্প্রতি একটি পিটিশনে আদানি গ্রুপের বিরুদ্ধে ২০১৬ সাল থেকেই বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি তদন্ত করছে, এই দাবি ভিত্তিহীন বলে আদালতে জানিয়ে দিয়েছিল সেবি। পাশাপাশি তদন্তের স্বার্থে গত ২৯ এপ্রিল একটি আবেদনে সেবির তরফে আরও ৬ মাসের সময় চাওয়া হয় আদালতের কাছে। সেবির তরফে বলা হয় আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত এবং অফশোর সংস্থাগুলির সঙ্গে জড়িত লেনদেনের সমস্ত বিষয় খতিয়ে দেখতে তাদের আরও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন   ‘জাতপাতের ভিত্তিতে জনগণনা এখনই নয়’, পাটনা হাইকোর্টের স্থগিতাদেশেই সিলমোহর সুপ্রিম কোর্টের

তবে,এদিন প্যানেল জানিয়ে দিয়েছে আদানি গ্রুপ কোনও নিয়মের উল্লঙ্ঘন করেনি। প্যানেলের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আদানি গোষ্ঠী শেয়ারবাজারকে প্রভাবিত করার কোনও চেষ্টা করেনি। আদানির কোম্পানিতে অবৈধ বিনিয়োগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, সেবি আদানি গ্রুপের কাছ থেকে প্রাপ্ত তথ্যকে ভুলভাবে উপস্থাপন করেনি। তবে সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, এই সব সিদ্ধান্ত চূড়ান্ত নয়। কেননা এখনও সেবি’র তদন্ত চলছে।

About Post Author