সময় কলকাতা ডেস্ক,৪ জুন: শুক্রবার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরই কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত বড় রেল দুর্ঘটনার পরেও কেন রেলমন্ত্রী পদত্যাগ করবেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এ নিয়েই এবার পাল্টা তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, “২০১০ সালের ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বেলাইন হয়েছিল। তখন কি আপনার পিসি তথা তৎকালীন রেলমন্ত্রী পদত্যাগ করেছিলেন? সেইসময় প্রায় ১৫০ জন যাত্রীর মৃত্যুর দায় নিয়ে তিনি কি রেলমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন?”

এরপরই নন্দীগ্রামের বিধায়ক বলেন, “আপনাকে এটাও মনে করিয়ে দিতে চাই, জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় সিবিআই চার্জশিটে নাম থাকা ছত্রধর মাহাত আপনার পার্টির লোক। ২০২০ সালে জেল থেকে বের হওয়ার পরে তিনি আপনাদের দলের রাজ্য কমিটিতেও চলে গিয়েছিলেন। আর আপনার পিসিই ওই পদে তাঁকে বসিয়েছিলেন। যেখানে দুর্ঘটনার সময় তিনি ছিলেন তৎকালীন রেলমন্ত্রী।” শুধু অভিষেককে কটাক্ষ নয়, এই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাশেও দাঁড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “মাননীয় রেলমন্ত্রী আইআইটির প্রাক্তনী। ১৯৯৪ ব্যাচের প্রাক্তন আইএএস। এই সঙ্কটের সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি। দুর্ভাগ্যবশত এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দোষীকে রেয়াত করা হবে না।”

উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী থাকল গোটা দেশ। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস,যশবন্তপুর-হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের। করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস। শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা ছিটকে গিয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।

রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আহত ১২০০ এরও বেশি মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। গ্যাস কাটার দিয়ে ট্রেনের কামরা থেকে কেটে বের করা হচ্ছে মৃতদেহ। এখনও কামরার ভিতর জীবিত যাত্রীদের আটকে থাকার আশঙ্কা রয়েছে। এহেন পরিস্থিতিতে শনিবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন।
আরও পড়ুন সুইডেনে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কী কী থাকছে?কীভাবে বিজয়ী নির্ধারিত হবে?

বালেশ্বর রেল দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার রাতেই বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, গুরুতর আহতদের জন্য দুই লক্ষ টাকা ও অপেক্ষাকৃত কম আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?