Home » ভয়াবহ অগ্নিকাণ্ড দমদম বিমানবন্দরের ভিতরে

ভয়াবহ অগ্নিকাণ্ড দমদম বিমানবন্দরের ভিতরে

সময় কলকাতা ডেস্ক,১৫ জুনঃ দমদম বিমানবন্দরের ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত ন’টা নাগাদ দমদম বিমানবন্দরের ডিপার্চার টিকিট কাউন্টার সংলগ্ন ডি পোর্টালের কাছে বিধ্বংসী আগুন লাগে বলে খবর। ধোঁয়ায় ছেয়ে যায় বিমানবন্দরের ভিতরের বিস্তীর্ণ জায়গা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দর চত্বর পুরোপুরি বদ্ধ জায়গা হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে, সেটা দিয়েই আগুন নেভানোর কাজ শুরু করে দেন বিমানবন্দরের কর্মীরা। আতঙ্ক বাড়তে থাকায় আগুন নেভানো আর ভিড় নিয়ন্ত্রণের কাজে হাত লাগান নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরাও।

যাত্রীদের ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। তবে দীর্ঘ চেষ্টার পর ৮টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় সিকিউরিটি চেকিং। বিমানবন্দরে ঢুকতে পারেন যাত্রীরাও।বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়। কলকাতা বিমানবন্দর হাই সিকিউরিটি জোন। বিমানবন্দরের ভিতরে সব সময়েই নিরাপত্তার কড়াকড়ি থাকে।

আরও পড়ুন    কলকাতা লিগে কতটা তৈরি ইস্টবেঙ্গল?

এই বিমানবন্দরের মাধ্যমে উত্তর পূর্ব ভারত তথা উত্তর পূর্বের বিভিন্ন দেশে যাতায়াত করেন যাত্রীরা। চলে ভিআইপি মুভমেন্ট। কিন্তু তার মধ্যেও কীভাবে এই আগুন লেগে গেল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যদিও বা আগুন লাগল, তবে একেবারে প্রাথমিক স্তরেই তা নেভানো গেল না। কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু না জানালেও প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ দমকলের তরফে জানানো হয়নি।

About Post Author