সময় কলকাতা ডেস্ক,১৮ জুনঃ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশকে কেন্দ্র করে ভাঙড়ের পাশাপাশি সংবাদ শিরোনামে উঠে এসেছিল ক্যানিং-ও। মনোনয়ন পেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি। শনিবার সেই ক্যানিংয়েই যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যের বাইরে একাধিক কর্মসূচি ছিল রাজ্যপালের। কিন্তু সেই সমস্ত কর্মসূচি বাতিল করে এদিন ক্যানিং পরিদর্শনের সিদ্ধান্ত নেন তিনি। শনিবারই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই রাজ্যপাল সব কর্মসূচি বাতিল করে ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিন ক্যানিংয়ের পরিস্থিতি নিজে গিয়ে খতিয়ে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুন থাকবে না চালক,উঠবে না ধোঁয়া! ভারতে প্রথম ‘পড ট্যাক্সি’ পরিষেবা চালু হবে নয়ডায়

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরেই পরিস্থিতি তেতে ওঠে ক্যানিংয়ে। গোটা মনোনয়ন পর্বে প্রায় প্রতিদিন বোমাবাজিতে ঘুম উড়েছে এলাকার মানুষের। চলে গুলির লড়াইও। দোকান ও বাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিরোধীদের দাবি, ক্যানিং ১ নম্বর ব্লকে শাসকদলের বাধায় মনোনয়ন জমা দিতে পারেননি তাঁরা। একই অভিযোগ ওঠে ক্যানিং ২ ব্লকেও। শাসক-বিরোধী লড়াইয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বারবার। শুধু রাজনৈতিক দলের কর্মীরাই নন, আক্রান্ত হন সাধারণ মানুষও। অশান্তির দায়ে পুলিশ এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করে। এদিন প্রথমে সেচ দফতরের অফিসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে সোজা হাসপাতাল মোড়ে পৌঁছন তিনি। সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। পরে ক্যানিং ১ বিডিও অফিসে যান। সেখানে প্রশাসনিক কর্তাদের কথা বলেন। তারপর সেচ দফতরের অতিথিশালায় ফিরে মুখোমুখি হন সাংবাদিকদের।

আরও পড়ুন পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল বিজেপি-কংগ্রেসের
উল্লেখ্য, বুধবার মনোনয়ন জমা দেওয়ার পঞ্চমদিন সকাল থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ক্যানিং। ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস নেতা শৈবাল লাহিড়ীর নেতৃত্বে চলছে পথ অবরোধ। আর এই ঘটনা ঘিরেই তেতে উঠেছিল ক্যানিং। তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি। এদিন তৃণমূলের পথ অবরোধ ঘিরেই উত্তপ্ত ক্যানিং, বন্ধ হল দোকানপাট ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে রয়েছে প্রচুর পুলিশ, ব়্যাফ। বাঁশ ও উইকেট দিয়ে পেটানোর পাশাপাশি চলে বোমাবাজি ও গুলি। গুলিতে গুরুতর জখম হন সুনীত হালদার নামে এক তৃণমূল কর্মী। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। হামলাকারীদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি