স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ জুন: চলে গেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন বাবু ভুগছিলেন কর্কটরোগে। ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। এদিন ভোর ৩ টের সময় ইহলোক ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।ষাটের দশক থেকে কলকাতা ময়দানের পরিচিত মুখ ছিলেন তিনি। মিলন সমিতি থেকে পেশাদার ফুটবল জীবনের শুরু। যদিও ছেলেবেলা থেকে একটাই স্বপ্ন ছিল চন্দন বন্দ্যোপাধ্যায়ের। সেটা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে গায়ে চাপানো। যদিও স্বপ্ন পূরনের জন্য অনেকটা সময় লাগে।

মিলন সমিতি থেকে তিনি যোগ দেন ভবানীপুর ক্লাবে। ভবানীপুরের হয়ে নজরকাড়া ফুটবল খেলে সুযোগ পান জর্জ টেলিগ্রাফে খেলার। তখন উদীয়মান তারকারা প্রচারের আলোয় আসার জন্য বেছে নিতেন কলকাতা ময়দানের তিন প্রধানের বিরুদ্ধে ম্যাচগুলিকে। জর্জ টেলিগ্রাফের জার্সিতে মোহনবাগানের বিপক্ষে নজর কাড়া ফুটবল খেললেন চন্দন।তিনি যে সময় ময়দানে আসেন তখন তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতীয় ফুটবলের সব কিংবদন্তিরা। যদিও সকলের মধ্যে নিজের ফুটবল সত্বাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন তিনি। আর কথায় রয়েছে যদি মন থেকে কিছু চাওয়া হয় তাহলে নাকি তা পূরণ হয়। তাঁর ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা।

১৯৬৩ সালে ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পান। যদিও সেই ইস্টবেঙ্গলের সঙ্গে এখনকার ইস্টবেঙ্গলের জমিন আসমান ফারাক। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারকাখচিত লাল হলুদ দলে নিজেকে অপরিহার্য করে তোলেন। মাত্র তিন বছরের মধ্যেই দলের ঐতিহ্যবাহী অধিনায়কের আর্মব্যান্ডটিও পেয়ে যান। তখন ময়দানে একতরফা দাপট দেখাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। পরপর চার লিগ জেতা হয়ে গিয়েছে তাঁদের।

মোহনবাগানের সেই অশ্বমেধের ঘোড়াকে আটকালো চন্দনের নেতৃত্বাধীন ইস্টবেঙ্গল। ১৯৬৬ সালে লিগ ঘরে তোলে লাল হলুদ। শেষ দিন পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবই ছিল তাঁর হৃদয়ের অন্তরে। এবার জীবনের যুদ্ধে হেরে গেলেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় ইস্টবেঙ্গল তাঁবুতে। যেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ক্লাব কর্তা, প্রাক্তন ফুটবলার ও সমর্থকরা


More Stories
পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে