সময় কলকাতা ডেস্ক,৩০ জুনঃ শুক্রবার সারাদিন কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত মঙ্গলবার থেকেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। যার জেরে তীব্র গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে,কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। সকাল থেকেই কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৭ থেকে ৯৮ শতাংশ।

পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে সারাদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। ৩০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

এদিকে, হিমাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, মুম্বইয়ে বুধবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,মহারাষ্ট্রের ছয় জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারতেও আগামী দুই দিনে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।


More Stories
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু