Home » ধাবার স্বাদ বাড়িতে পেতে এভাবে বানিয়ে ফেলুন শাহি চিকেন কোরমা

ধাবার স্বাদ বাড়িতে পেতে এভাবে বানিয়ে ফেলুন শাহি চিকেন কোরমা

সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন শাহি চিকেন কোরমা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন শাহি চিকেন কোরমা। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই শাহি চিকেন কোরমা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? শাহি চিকেন কোরমা বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন পদ্ধতি-


উপকরণ
চিকেন-১ কেজি
লাল লঙ্কাগুঁড়ো-১ চা চামচ
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো-১ চা চামচ
গরম মশলাগুঁড়ো-১/২ চা চামচ
নুন-১ চামচ
জিরেগুঁড়ো-১ চা চামচ
নারকেল গুঁড়ো-১ টেবিল চামচ
কাজু-১০টি দই-১ কাপ
তেজপাতা-২ টো
দারচিনি-১ ইঞ্চি
ছোট এলাচ-৫টি

আরও পড়ুন    বাড়িতেই রান্না করুন ম্যাঙ্গালোরিয়ান ক্র্যাব কারি


লবঙ্গ-৫টি
বড় এলাচ-১টি
জয়িত্রী-১টি
রসুনবাটা-১ টেবিল চামচ
আদাবাটা-১ টেবিল চামচ
ধনেগুঁড়ো-২ চা চামচ
কাঠবাদাম-১২টি
পেঁয়াজকুচি-২টি বড় পেঁয়াজ
কেওড়ার জল-১ চা চামচ
তেল বা ঘি- ১/২ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই মাংস,ধনেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, জিরেগুঁড়ো,দই, রসুনবাটা, আদাবাটা ও নুন দিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন। এবার নারকেলের গুঁড়ো, কাজুবাদাম আর কাঠবাদাম মিক্সিতে দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা, দারচিনির টুকরো, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ ও জয়িত্রী দিন। সব মশলা গুলো নাড়তে থাকুন, যাতে মশলার গন্ধ বেরোয়। এবার তার মধ্যে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে ভাল করে কষতে থাকুন। বেশ খানিকক্ষণ কষা হয়ে গেলে ভাজা পেঁয়াজকুচি দিয়ে দিন। এরপর মিনিট পাঁচেক নাড়তে থাকুন। কাজুবাদাম, কাঠবাদাম ও নারকেলের মিশ্রণটি দিয়ে দিন। এরপর ৫ মিনিট ধরে ভাল করে কষুন। কষানো থেকে তেল ছেড়ে এলে ২০ মিনিট রাখুন। মাংস সিদ্ধ হয়ে গেলে উপরে সামান্য কেওড়ার জল ছড়িয়ে দিলেই তৈরি শাহি চিকেন কোরমা। ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন শাহি চিকেন কোরমা।

About Post Author