Home » ‘আমিই দলের প্রধান,’আমাকে কেউ হটাতে পারবে না’! ঘোষণা শরদ পওয়ারের

‘আমিই দলের প্রধান,’আমাকে কেউ হটাতে পারবে না’! ঘোষণা শরদ পওয়ারের

সময় কলকাতা ডেস্ক,৭ জুলাইঃ দলীয় প্রতীক নিয়ে ভাইপো অজিত পওয়ারের সঙ্গে বিবাদের মধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কার করলেন শরদ পওয়ার। বৃহস্পতিবার দিল্লিতে শরদ পওয়ারের বাসভবনে আয়োজিত হয়েছিল গুরুত্বপূর্ণ বৈঠক। এরপরই ভাইপো অজিতকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেন শরদ। কেবল অজিতই নয়, তাঁর সঙ্গে এনডিএ-তে যোগ দেওয়া ৯ বিধায়ককেও সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। সেই সঙ্গে ‘মারাঠি স্ট্রংম্যানে’র ঘোষণা, ‘আমিই দলের প্রধান। আমাকে কেউ হটাতে পারবে না।’ ”৮২ হোক বা ৯২ আমি এখনও সক্রিয়ই।”

শরদের ঘোষণা, ‘বৈঠক করে সংখ্যা দাবি করার ছেলেমানুষি করে লাভ নেই। কে আসল এনসিপি তা ঠিক করবে নির্বাচন কমিশন।‘ পাওয়ার বৃহস্পতিবার সাতসকালেই দিল্লি পৌঁছে যান। বিকাল তিনটেয় ছিল এনসিপি-র জাতীয় কার্যকরী কমিটির বৈঠক। সেখানে চলতি পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে পাওয়ারকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে দল পরিচালনায় উপযুক্ত পদক্ষেপ করার। গত মঙ্গলবার পাওয়ার প্রফুল প্যাটেল-সহ আট নেতা যাঁরা রবিবার অজিতের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের এনসিপি থেকে বহিষ্কার করেন। বৃহস্পতিবার জাতীয় কর্মসমিতি তাতে সায় দিয়েছে।

আরও পড়ুন   অজিত সহ ৯ জনের বিধায়ক পদ খারিজের আবেদন এনসিপির

উলেখ্য, গত রবিবারই মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিয়েছেন অজিত পাওয়ার। রবিবাসরীয় দুপুরে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথও নেন। রবিবার সকালেই বেশ কয়েকজন দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন অজিত পাওয়ার। শরদ-কন্যা সুপ্রিয়া সুলেও সেই বৈঠকে ছিলেন। সূত্রের খবর, শরদ পাওয়ার এই বৈঠক সম্পর্কে কিছু জানতেন না। বেশ কিছুদিন ধরেই ভাইপো অজিতের সঙ্গে শরদ পাওয়ারের সংঘাতের খবর শিরোনামে আসছিল৷ শরদ পাওয়ারের পদত্যাগের পরেও অজিতের বিজেপি-তে যাওয়ার সম্ভাবনা আরও প্রকট হয়৷ শেষপর্যন্ত অজিতের ‘বিদ্রোহে’র পরই এনসিপির ফাটল স্পষ্ট হয়।

আরও পড়ুন    মহারাষ্ট্র রাজনীতিতে ফের ‘শিবির’ বদল! বিজেপি-শিন্ডে সরকারের সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ অজিতের

২০১৯ সালে দলের বিরুদ্ধে গিয়ে দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে মিলে সরকার গড়েছিলেন তিনদিনের জন্য। ভোরে উপমুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেছিলেন অজিত পাওয়ার। সেই সরকারের পতন হয়। তিনি পদত্যাগ করে ফিরে আসেন কাকা শরদ পাওয়ারের কাছে। পরে উদ্ধব ঠাকরের সরকারেও উপমুখ্যমন্ত্রী হন অজিত পাওয়ার। তবে ২০২২ সালে সেই সরকারও পড়ে যায়। এরপর বিগত একবছর ধরে মহারাষ্ট্রের বিরোধী দলনেতা পদে ছিলেন অজিত পাওয়ার। তবে রবিবার ফের একবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অজিত পাওয়ার। এনসিপিতে ভাঙন ধরিয়ে প্রায় ৪০ বিধায়ক নিয়ে বিজেপি-শিন্ডে জোট সরকারে যোগ দিলেন অজিত পাওয়ার। এদিন তাঁর সঙ্গে শিন্ডে সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এনসিপির আরও আটজন বিধায়ক। অজিত পাওয়ারের সঙ্গে শপথ নেওয়া অন্যতম এনসিপি নেতা হলেন ছগন ভুজবাল। ছগন ছাড়াও মন্ত্রী হয়েছেন এনসিপির হসান মুশরিফ, ধনঞ্জয় মুণ্ডে, দিলীপ ওয়াসলে পাতিল, ধর্মরাও বাবা আতরাম, অদিতিতটকরে, অনিল পাতিল, সঞ্জয় ভোঁসদে।

About Post Author