Home » রেকর্ড অর্থের বিনিময়ে তারকা গোলরক্ষক ইস্টবেঙ্গলে

রেকর্ড অর্থের বিনিময়ে তারকা গোলরক্ষক ইস্টবেঙ্গলে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক , ১০ জুলাই: লাস্ট ডিফেন্স জোরদার করতে হলে চাই বিশ্বস্ত গ্লাভ্রস আর বিশ্বস্ত হাত।আর সেজন্যই ইস্টবেঙ্গল সেরামানের গোলরক্ষক পেতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে ইস্টবেঙ্গল।চলতি বছরে দলবদলের বাজারে একের পর এক চমক দিচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের দলগুলি। দেশী বিদেশী ফুটবলারদের নিজেদের দলে নেওয়ার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিচ্ছে ক্লাবগুলি। দলবদলের লড়াইয়ে গত কয়েক মরশুমে সেরকমভাবে খুঁজে পাওয়া না গেলেও এবার প্রবলভাবে প্রথম সারির দলগুলিকে কিছুটা হলেও টেক্কা দিচ্ছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে চার বিদেশী ফুটবলার চূড়ান্ত। দলে নেওয়া হয়েছে এমন একঝাঁক দেশীয় ফুটবলারদের যারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন । সেই তালিকায় রয়েছে নিশু কুমার, মন্দার রাও দেশাই, নন্দ কুমার শেখর-সহ একাধিক ফুটবলার। গোলরক্ষক নিয়ে টানাপোড়েন চলছিল। এবার আর এক প্রতিভাবান দেশীয় ফুটবলারকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল।রেকর্ড অর্থ দিয়ে গোলরক্ষক কার্যত চূড়ান্ত ইস্টবেঙ্গলে। তিনি সম্ভবত হতে চলেছেন দেশের সবচেয়ে দামি গোলরক্ষক।

গত মরশুমে গোল দিয়ে গোল হজম করা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছিল লাল হলুদ। দুর্বল রক্ষণ ও গোলরক্ষকের অভাব টের পাওয়া গিয়েছিল। এবার সেই ভুল শুধরে নিয়ে নতুন করে শুরু করতে চায় শতাব্দী প্রাচীন ক্লাব। নতুন মরশুমে কেরালা ব্লাস্টার্সের তরুণ গোলরক্ষক প্রভসুখন গিলকে দলে পেতে ঝাঁপায় লাল হলুদ রিক্রুটাররা। ফুটবলারটি নিজেও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপানোর জন্য আগ্রহ প্রকাশ করেন। তবে সমস্যা দাঁড়ায় ট্রান্সফার ফি। এই ফুটবলারের সঙ্গে এখনও একবছরের চুক্তি রয়েছে কেরালার। ফুটবলারটিকে ছাড়ার জন্য কোটি টাকার বেশি ট্রান্সফার ফি দাবি করে কেরালা। অন্যদিকে, দেশী বিদেশী মিলিয়ে অনেক ফুটবলারকে সই করিয়ে বাজেটে টান পরে ইস্টবেঙ্গলের। ফলে গিলের ইস্টবেঙ্গলে খেলায় তৈরি হয় অনিশ্চিয়তা। তবে সূত্রের খবর অনিশ্চয়তার মেঘ কেটেছে। ক্লাব সূত্রের খবর, প্রায় রেকর্ড অর্থের বিনিময়ে কেরালা থেকে গিলকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। অর্থের পরিমাণ প্রায় দেড় কোটি। গিলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথে ক্লাব।

চন্ডিগড় ফুটবল অ্যাকাডেমি থেকে গিলের উত্থান। ২০১৭ থেকে ২০১৯ খেলেছেন ইন্ডিয়ান অ্যারোজে। সেখান থেকে ২৯১৯ সালে যোগ দেন বেঙ্গালুরু এফসিতে। গুরপ্রিত সিং সান্ধু থাকায় ব্যাঙ্গালোরে বেশি সুযোগ পাননি গিল। সেখান থেকে ২০২০ সালে দীর্ঘমেয়াদি চুক্তিতে চলে যান কেরালায়। কেরালার জার্সিতে নিয়মিত খেলেছেন ২২ বছরের এই পঞ্জাব তনয়। এছাড়াও বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছেন দেশের জার্সি গায়েও। যদিও সিনিয়র জাতীয় দলে ডাক পেলেও এখনও একটিও ম্যাচ খেলা হয়নি। এখন আগামী মরশুমে ইস্টবেঙ্গলের তিন কাঠির তলায় কতটা বিশ্বস্ত প্রহরী হয়ে উঠবেন গিল? সেদিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা।।

About Post Author