Home » রবিবারের সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন গন্ধরাজ চিকেন ফ্রাই

রবিবারের সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন গন্ধরাজ চিকেন ফ্রাই

সময় কলকাতা ডেস্ক,২৩ জুলাই: রবিবার মানেই ছুটির দিন। আর ছুটির দিনে একটু ভিন্ন স্বাদের কিছু না খেলে যেন চলেইনা। সন্ধ্যার টিফিনে একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন গন্ধরাজ চিকেন ফ্রাই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন গন্ধরাজ চিকেন ফ্রাই। বিশেষ করে বাড়ির ছোটরা একবার এই গন্ধরাজ চিকেন ফ্রাই খেলে আর ভুলতে পারবে না। এতে পেট আর মন দুটোই খুশি। গন্ধরাজ চিকেন ফ্রাই বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। গন্ধরাজ চিকেন ফ্রাই জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    ছুটির দিনের মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন ইলিশ ভর্তা

উপকরণ:
মুরগির মাংস-২৫০ গ্রাম
গন্ধরাজ লেবুর রস-৩ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চা চামচ
গন্ধরাজ লেবুর খোসা কোরা-১চা চামচ
নুন ও গোলমরিচ গুঁড়ো-স্বাদমত


ডিম-২টি
ময়দা-২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার-৩ টেবিল চামচ
বেকিং সোডা-১ চা চামচ
বেকিং পাউডার-আধ চা চামচ
সোডা ওয়াটার-আধ কাপ
সাদা তেল- ২৫০ গ্রাম

রন্ধন প্রণালী:
প্রথমেই হাড় ছাড়া মুরগির মাংস লম্বা লম্বা আঙুলের মাপে কেটে নিন। একটি পাত্রে মাংস নিয়ে তাতে এক এক করে গন্ধরাজ লেবুর রস, আদাবাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর খোসা, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি ১ ঘণ্টা মত ম্যারিনেট করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তাতে মায়দা,কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, সোডা ওয়াটার, নুন ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এরপর মুরগির মাংসের স্ট্রিপগুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন গন্ধরাজ চিকেন ফ্রাই।

About Post Author