সময় কলকাতা ডেস্ক,২৪জুলাই: ৮০ ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ভাবনা জাতীয় নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কার্যত সেকারণেই এবার ৮০ ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের সন্ধানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তালিকা ও খুঁটিনাটি তথ্য-সহ প্রস্তুতির কাজ শুরু করলেন কমিশনের কর্মীরা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,৮০ ঊর্ধ্ব ও বিশেষভাবে সক্ষম ভোটাররা যাতে সুষ্ঠভাবে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই সমীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি তালিকায় নাম থাকা সত্ত্বেও বেশ কয়েকটি নির্বাচনে বুথে ভোট দিতে আসেননি এমন ভোটারের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল,শতায়ু ভোটারদের চিহ্নিত করে তাঁকে সার্টিফিকেট দিয়েও বিশেষ সম্মান জানাবে জাতীয় নির্বাচন কমিশন। চলতি বছরের শুরুতেই দক্ষিণ কলকাতার এমন ৬ জন ভোটারকে চিহ্নিত করে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়েছিল। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের কর্মীরা ২১ জুলাই, শুক্রবার থেকে ২০ আগস্ট পর্যন্ত ‘ডোর টু ডোর’ সমীক্ষার কাজ করবে। গত শনিবারই কলকাতার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। রাজ্যের সব জেলার জেলাশাসক সহ অন্যান্য শীর্ষ পদস্থ আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে লোকসভা ভোট প্রক্রিয়া সংক্রান্ত প্রাথমিক আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদে ধরনায় ‘ইন্ডিয়া’ জোট

জানা গিয়েছে, আগামী ১৯ আগস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের ৩ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে আসবে। এই দলে নেতৃত্ব দেবেন ডেপুটি নির্বাচন কমিশনার নীতীশ ব্যাস। বাংলায় এসে লোকসভা নির্বাচনের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখবেন তাঁরা। আগামী ৩০ জুলাইয়ের পর থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রতি শনি ও রবিবার ভোটগ্রহণ কেন্দ্রে ‘বিএলও’রা বসবেন সংশ্লিষ্ট ভোটারের নাম তোলা, নাম বাদ দেওয়া ও নাম সংশোধনের জন্য ফর্ম জমা নিতে। আর সপ্তাহের বাকি পাঁচদিন এই বিএলও’রা বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালাবেন। যদিও এবারের ভোটার তালিকা প্রস্তুতির সমীক্ষায় ৮০ ঊর্ধ্ব ভোটারদের চিহ্নিতকরণে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কেননা আগের লোকসভা ভোটের তুলনায় এখন ভোটার তালিকায় প্রবীণ ভোটারের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষভাবে সক্ষম বা বয়সজনিত কারণে ভোট দিতে না আসা ভোটারের সংখ্যাও ক্রমশ বাড়তে থাকায় কার্যত উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?