Home » প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানা সহ অন্ধ্রপ্রদেশ, বেড়েই চলেছে মৃতের সংখ্যা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানা সহ অন্ধ্রপ্রদেশ, বেড়েই চলেছে মৃতের সংখ্যা

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ হিমাচলপ্রদেশ,উত্তরাখণ্ড,দিল্লি,পাঞ্জাব,উত্তরপ্রদেশ,মহারাষ্ট্রের পর এবার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানা। গত দু’দিনের টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাড়ি-ঘর, রাটাঘাট। প্লাবিত হয়েছে বহু এলাকা। রাস্তাঘাটে এক হাঁটু জল দাঁড়িয়ে আছে। বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কার্যত জলের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকার কারণে সুরক্ষার জন্য বানভাসি এলাকাগুলিতে সরকারের তরফে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত একশোরও বেশি মানুষ আটকে রয়েছেন বলেই জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি বায়ুসেনাও কাজে হাত লাগিয়েছে। শুক্রবারই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সূত্রের খবর, আচমকা হড়পা বান নেমে তাতে ভেসে যান একাধিক মানুষ। এখনও পর্যন্ত ৩ জনকে খুঁজে পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকার মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবার ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে,উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। মৌসম ভবন জানিয়েছে, রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। গত বুধবার থেকে ভারী বৃষ্টির জেরে মুলুগু, করিমনগর, হনুমানকোণ্ডা, আদিলাবাদ, জয়শঙ্কর ভূপালপল্লি, ভাদরাদরি কোঠাগুডেম, ওয়ারাঙ্গল এবং জনগাঁওয়ে বন্যা পরিস্থির সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জেলাগুলিতে ২৩০-৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন   ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা! সপ্তাহান্তে হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল একাধিক ট্রেন

উল্লেখ্য,গত কয়েকদিনের ভারী বর্ষণে উত্তর ভারতের অনেক এলাকায় বিপর্যয় সৃষ্টি করেছে। উত্তর ভারতের পর এবার বন্যার ভ্রুকুটি পশ্চিম ভারতে। আহমেদাবাদ ও জুনাগড়-সহ গুজরাটের বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে গুজরাটের দক্ষিণে এবং সৌরাষ্ট্র অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে ঘনাচ্ছে বিপর্যয়ের আশঙ্কা। বন্যায় বিপর্যস্ত গুজরাট। জুনাগড়ে মারাত্মক বৃষ্টির প্রভাবে একাধিক বাড়ির দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার গোটা গুজরাট মিলিয়ে প্রায় ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে রয়েছে হড়পা বান। প্রবল বন্যায় জলে ডুবে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে একাধিক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জলে ভেসে যাচ্ছে গবাদি পশুও। সব মিলিয়ে প্রবল দুর্যোগে বিপর্যস্ত গুজরাট। এদিকে,গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে আচমকাই হুড়মুড়িয়ে ধস নামে। আর এই ধসের জেরে মৃত্যু হয়েছে ১৩ জনের। ১০০-রও বেশি মানুষ ধসের জেরে আটকে রয়েছেন বলে অনুমান। ওইদিন ভোরে যখন ধস নামে, তখন গ্রামবাসীরা সকলেই ঘুমোচ্ছিলেন। সেই কারণেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্তত ৪৮টি বাড়ি ধসের কারণে ভেঙে পড়েছে এবং কুড়িটি বাড়ি কাদামাটির তলায় চাপা পড়েছে বলে জানা গেছে।

About Post Author