সময় কলকাতা ডেস্ক,৩১ জুলাই: উত্তপ্ত মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই লজ্জাজনক ২৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ সাতজনকে গ্রেফতারও করা হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনায় এবার কেন্দ্র এবং মণিপুর সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মণিপুরের ২ নির্যাতিতা। জানা গিয়েছে, সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুনানি হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিক্রিয়া শুনবে। এদিন মণিপুরের ২ নির্যাতিতা তাঁদের পরিচয় গোপন রেখে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছে আদালতে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা একটি হলফনামা দিয়ে জানিয়েছেন, এই মামলার বিচার খুব আগামী ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। সেইসঙ্গে মণিপুরের বাইরে অন্য কোনও জায়গায় মামলাটি সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
আরও পড়ুন পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

সূত্রের খবর, ২৮ জুলাই মণিপুর ইস্যুতে বেশ কয়েকটি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, ওইদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় অসুস্থ থাকায় শুনানি স্থগিত রাখা হয়েছিল। ইতিমধ্যেই মণিপুরে ন্যাক্কারজনক এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করছে সিবিআই। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই সিবিআই আধিকারিকরা মণিপুর যাবে। ওই দলে ফরেন্সিক অফিসার ছাড়াও কয়েকজন মহিলা আধিকারিকও থাকবেন বলেই সূত্রের খবর। ন্যাক্কারজনক ওই ঘটনার তদন্তের জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে সিট গঠন করেছে সিবিআই। এদিকে,রবিবারই মণিপুরে নির্যাতিতা ওই দুই কুকি উপজাতির মহিলাকে আর্থিক সাহায্য করেন মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইক। তাঁদেরকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এমনকী তাঁদেরকে সব ধরণের সরকারি সাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মণিপুরের রাজ্যপাল। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘হিংসার ঘটনায় যারা মারা গিয়েছেন, যাদের বাড়ি পুড়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে মণিপুর সরকার। এখানে দ্রুত শান্তি ফিরিয়ে নিয়ে আসা হবে। মণিপুরের বাসিন্দাদের ভবিষ্যতের জন্য আমি এবং আমরা সব ধরনের চেষ্টা করছি।’

আরও পড়ুন সঙ্কটজনক অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্য,ডানদিকের ফুসফুসে সংক্রমণের মাত্রা অনেকটাই বেশি
উল্লেখ্য, ভাইরাল হওয়া ওই লজ্জাজনক ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে রাস্তায়। তাদের ঘিরে ভিড় করে রয়েছে বেশ কিছু পুরুষ। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এমনকী এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলাতে এই ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনার পরই সংরক্ষণ ইস্যুতে কুকিদের সঙ্গে মেইতেইদের সংঘাত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দলও গঠন করা হয়েছে। যদিও মণিপুরের একটি আদিবাসী সংগঠনের দাবি, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় ধরপাকড় শুরু হলেও দু’মাস আগে মূল ঘটনাটি ঘটে। ওই দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর পাশাপাশি তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও দাবি ওই আদিবাসী সংগঠনের। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে শুরু হয় তোলপাড়।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?