Home » সুপ্রিম কোর্টে স্বস্তি মিলতেই লালুর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধির

সুপ্রিম কোর্টে স্বস্তি মিলতেই লালুর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধির

সময় কলকাতা ডেস্ক,৫ আগস্টঃ ‘মোদি পদবি’ মামলায় শুক্রবারই সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধি। রাহুলের দুই বছরের সাজার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই সাংসদ পদ ফেরাতে তৎপর হয়ে ওঠে রাহুল গান্ধি। চব্বিশের লোকসভা নির্বাচনে লড়তেও আর কোনও বাধা রইল না তাঁর। এই স্বস্তি ফিরতেই এদিন রাতে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধি। এদিন রাতেই আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের কন্যা তথা সাংসদ মিশা ভারতীর দিল্লির বাসভবনে দেখা করতে যান রাহুল গান্ধি। সেখানে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। কংগ্রেস নেতাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান লালু। এরপর নিজের হাতে রাহুলকে মটন রেঁধে খাওয়ান আরজেডি সুপ্রিমো। জানা গিয়েছে, রাহুলের জন্য বিহার থেকে মটন আনিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। এমনকী কী কী মশলা দিয়ে মটন রান্না করেছেন, তাও রাহুলকে দেখান তিনি। এদিন দুজনের সাক্ষাৎ হতেই লালুর স্বাস্থ্যের খোঁজখবর নেন রাহুল। তাঁর ‘প্রত্যাবর্তনে’ চব্বিশের আগে বিরোধী জোট আরও শক্তিশালী হল বলেই দাবি বিরোধী নেতাদের।

উল্লেখ্য,মোদি পদবী মামলায় অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রাহুল গান্ধি। চলতি বছরের ২৩ মার্চ মোদি পদবী নিয়ে মানহানি মামলায় সুরাট আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে। সেসময় দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে রাহুল গান্ধির মামলার শুনানি হয়। শুনানির পর সুপ্রিম কোর্টের তরফে সেই রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরই সাংসদ পদ ফেরাতে তৎপর হয়ে ওঠে রাহুল গান্ধি। সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে সংসদে যাবেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছেন অধীর চৌধুরী। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়দানের পরই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ফোন করেন অধীর চৌধুরীকে। এরপরই তিনি স্পিকারের কাছে যান। কংগ্রেসের বাকি সদস্যরাও সংসদের গেটে ‘ভি ফর ভিকট্রি’ স্লোগান দেন। এ প্রসঙ্গে কংগ্রেসে নেতা কে সি বেণুগোপাল বলেন, ‘গোটা দেশ লোকসভার স্পিকারের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে। এবার স্পিকারকেই যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। যত শীঘ্র সম্ভব, রাহুল গান্ধীর সাংসদ পদের তকমা ফিরিয়ে আনা উচিত।’

আরও পড়ুন     মোদি পদবী মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রাহুল গান্ধির

উল্লেখ্য,২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেছিলেন, “সমস্ত চোরদের পদবিই মোদী হয় কেন? তা সে নীরব মোদীই হোক বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী”। রাহুল গান্ধির এই মন্তব্যের প্রেক্ষিতেই সুরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী মানহানির মামলা দায়ের করেন। গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেন এবং ২ বছর কারাদণ্ডের সাজা দেন। সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে গত ৩ এপ্রিল সুরাতেরই দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল। রাহুল বলেছিলেন, তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন। যেহেতু তিন বছরের কম কারাদণ্ডের সাজা তাই সুরাতের ওই আদালতই রাহুলের জামিন মঞ্জুর করে।

About Post Author