Home » চাঁদের প্রথম দর্শন পেল চন্দ্রযান-৩, প্রকাশ্যে এল ভিডিও

চাঁদের প্রথম দর্শন পেল চন্দ্রযান-৩, প্রকাশ্যে এল ভিডিও

সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: কক্ষপথ থেকে সরাসরি ইসরোয় পৌঁছল ছবি। রবিবার রাতে সুখবর এল। চাঁদের প্রথম দর্শন পেল চন্দ্রযান-৩। শুধু তাই নয়, গা ঘেঁষে থাকা অবস্থায় চাঁদের ছবি তুলল ভারতের গর্বের মহাকাশযান চন্দ্রযান-৩। চন্দ্রপৃষ্ঠে পা রাখতে এখনও অপেক্ষা। এই প্রথম এত কাছ থেকে চাঁদের যে ছবি ধরা পড়ল চন্দ্রযানের ক্যামেরায়, তা প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের ছবি-সহ একটি ভিডিও পোস্ট করে ইসরো টুইট করে লেখে, ‘চন্দ্রযান-৩ মহাকাশযানের দেখা চাঁদ। ৫ অগস্ট চাঁদের কক্ষপথে ঢোকার সময় তোলা ছবি’। শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। সেই সময়ই ওই ছবি তোলা হয় বলে জানানো হয়েছে ইসরোর তরফে।

https://twitter.com/chandrayaan_3/status/1688215948531015681?s=20

ইসরোর পোস্ট করা ৪৪ সেকেন্ডের ভিডিও-তে দেখা যাচ্ছে, ধূসর গোলকের মতো চাঁদ। তার গায়ের এবড়ো খেবড়ো জমি, বড় বড় গহ্বরগুলিও স্পষ্ট ধরা পড়েছে। শনিবারই ইসরোর তরফে টুইটে জানানো হয়েছে, “চাঁদের মাধ্যাকর্ষণ অনুভব করছে চন্দ্রযান। চাঁদের কক্ষপথে সফল ভাবে ঢুকে পড়েছে চন্দ্রযান-৩। বেঙ্গালুরু মিশন অপারেশন কমপ্লেক্স থেকে এই মিশন সফল হয়েছে। পরবর্তী অপারেশন– কক্ষপথ হ্রাস ৬ অগস্ট ২০২৩ রাত ১১টায়।” ইসরো তরফে আরও জানানো হয়েছে, চন্দ্রযান-৩ চলতি সপ্তাহেই প্রবেশ করবে মুন স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে। এরপরই আসবে জটিল একটি পর্ব। চাঁদের কক্ষপথে নিক্ষেপ করার সেই পর্বে ধীরে ধীরে কমিয়ে আনা হবে চন্দ্রযান ৩-এর গতিবেগ।

আরও পড়ুন     চন্দ্রযান-৩ বিগত দুটি অভিযানের কী শিক্ষা নিয়ে কোন লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে?

চন্দ্রযান ৩ ইতিমধ্যেই চাঁদের বলয়ে প্রবেশ করেছে। এটি চন্দ্রপৃষ্ঠ থেকে ৬২ হাজার ৬৩০ কিলোমিটার উচ্চতায় আছে। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় ঢুকে পড়েছে তৃতীয় চন্দ্রযান। এই পর্বে গতি নিয়ন্ত্রণ করতে না পারলেই বিপদ। সব ঠিক থাকলে ২৩ তারিখ বিকেল ৫.৪৭ মিনিটে চন্দ্রযানের ঐতিহাসিক অবতরণ হওয়ার কথা। চাঁদের চারটি কক্ষপথ পার করে ধীরে ধীরে চন্দ্রপৃষ্ঠের ৩০ কিলোমিটার উপর থেকে হাল্কা পালকের মতো ২০ মিনিট ধরে চাঁদের পিঠে নামবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। এই সফ্ট ল্যান্ডিং সফল হলেই চাঁদের বুকে ভারতের জয়যাত্রার ইতিহাস রচিত হবে।

About Post Author