Home » ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, গোষ্ঠী সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৬

ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, গোষ্ঠী সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৬

সময় কলকাতা ডেস্ক, ৬ আগস্ট: প্রায় চার মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরে লাগাতার অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকার। মণিপুর প্রশাসনের প্রতি ইতিমধ্যেই তীব্র অনাস্থা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মণিপুর ইস্যুতে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এহেন পরিস্থিতিতে ফের সংঘর্ষ শুরু হয়েছে মণিপুরে। জানা গিয়েছে, শুক্রবার রাতে নতুন করে কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে। শনিবার সকালে ফের বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্ত এলাকার বেশ কয়েকটি জায়গায় মর্টার এবং গ্রেনেড হামলা শুরু হয়। এই গোষ্ঠী  সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ১৬ জন আহত হয়েছে।

এদিকে, দুষ্কৃতীদের ধরপাকড়ের জন্য এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর এক বিদ্রোহী যোদ্ধাকে গ্রেফতার করা হয়। মণিপুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রুখতে অনেক আগেই বাফার জ়োন তৈরি করা হয়েছিল। সেই জোন পেরিয়েই কয়েকজন ঢুকে পড়ে এবং গুলি চালায়। এরপরই দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা গিয়েছে,বিষ্ণুপুর জেলার কোয়াকতা গ্রামে এক পরিবারের বাবা-ছেলে-সহ মোট তিন গ্রামবাসীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, প্রথমে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তারপর খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। নতুন করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় কোনও কারফিউ শিথিল করা হবে না বলে জানিয়েছে মণিপুর পুলিশ।

আরও পড়ুন  কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে

প্রসঙ্গত, গত সপ্তাহেই অশান্ত মণিপুরে যান ‘ইন্ডিয়া’ জোটের ১৬টি দলের মোট ২০ জন প্রতিনিধি। মণিপুর পৌঁছেই তাঁরা দুই দলে ভাগ হয়ে যায়। একদল পাহাড়ি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সঙ্গে দেখা করে। অন্যদলটি উপত্যকায় মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে। উপত্যকার ইম্ফল থেকে পাহাড়ের চূড়াচাঁদপুর– দুই প্রতিনিধিদল সর্বত্র গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মহিলা ও শিশুদের করুণ পরিস্থিতি দেখে স্তম্ভিত তাঁরা। গত রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল দেখা করেছে। বিরোধীদের দাবি, গত ৮৯ দিন ধরে প্রধানমন্ত্রী যেভাবে মণিপুর নিয়ে মৌনব্রত নিয়েছেন, তাতেই বোঝা যায়, মণিপুর নিয়ে তাঁর মানসিকতা কী। এদিন রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে মণিপুর ইস্যুতে স্মারকলিপি তুলে দেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সাংসদ। তাঁদের জমা দেওয়া স্মারকলিপিতে রীতিমতো তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ শানানো হয় বলেই সূত্রের খবর।

About Post Author