সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: প্রায় চার মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধীরা। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগের দাবিতে বারবার সরব হয়েছেন বিরোধী দলনেতারা। বুধবার সংসদে তাঁরা সকলেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন ও মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করেছেন। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মণিপুরে সরকার ভেঙে নতুন সরকার গঠন করা বা মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর কোনও পরিকল্পনা আপাতত নেই। এদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘মণিপুরের এন বীরেন সিং সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে। রাষ্ট্রপতি শাসন তখনই জারি করা হয়, যখন সরকার কোনরকম সহযোগিতা করে না। কিন্তু মণিপুরে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কেন্দ্রের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে।’

যদিও এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এদিন সংসদের বাইরে তিনি বলেন, ‘মণিপুরের মুখ্যমন্ত্রী যদি সহযোগিতা করেই থাকে, তাহলে মণিপুরে ৬০ হাজার মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছে কেন? এটাই যদি সহযোগিতা হয়ে থাকে, তাইলে প্রধানমন্ত্রীর উচিত এখনই মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করা। এটা কি ধরনের সহযোগিতা, যেখানে মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করার সাহস নেই।’ মণিপুরে শান্তি ফেরাতে গত ২ আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যান ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপিও জমা দেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় রাউত প্রমুখ। তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। স্মারকলিপিতে রাষ্ট্রপতির কাছে জানানো হয়েছে,সংসদের বাদল অধিবেশনে আর দেখা মিলছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মণিপুরে হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি। পাশাপাশি এদিন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব রাষ্ট্রপতির কাছে আরজি জানিয়েছেন, মণিপুরের দুই নির্যাতিতা মহিলাকে রাজ্যসভায় পাঠানো হোক।
আরও পড়ুন পশ্চিমবঙ্গে মরুদেশের মরিয়ম খেজুর ফলিয়ে তাক লাগিয়েছেন বসিরহাটের হামিদ

ইতিমধ্যেই মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। একইসঙ্গে তিনি মণিপুরের হিংসার ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অধীনে তদন্তকারী দল গঠনের আবেদনও জানিয়েছেন। পাশাপাশি মণিপুরে ইন্টারনেট ব্যান তুলে দেওয়ার আবেদন জানান মহিলা কমিশনের প্রধান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বাতী মালিওয়াল মণিপুর ইস্যুতে চিঠি লিখে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, মণিপুরবাসী সরকারের উপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে। দুই গোষ্ঠীর মধ্যে গত চার মাস ধরে অশান্তি শুরু হয়েছে। হিংসার পাশাপাশি যৌন নিগ্রহের ঘটনাও ঘটেছে। ত্রাণের কোনরকম ব্যবস্থা পর্যন্ত কড়া হয়নি। সবটা দেখেও মণিপুর সরকার চুপ করে রয়েছে। মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় দ্রুত সিবিআই তদন্তের প্রয়োজন।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ