Home » স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লিতে প্রস্তুতি তুঙ্গে

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লিতে প্রস্তুতি তুঙ্গে

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্ট: রাত পেরোলেই ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই দেশজুড়ে নানান প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজধানী দিল্লিতে প্রস্তুতি তুঙ্গে। ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের লালকেল্লার অনুষ্ঠানে প্রথমবার যোগ দেবে মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভুত সদস্য রো খান্নাও। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে ১৮০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, কোন নেতা-মন্ত্রী নন, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসছেন দেশের সাধারণ খেঁটে খাওয়া মানুষ।

বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রাপক উপভোক্তা, কৃষি উৎপাদন সংস্থার প্রতিনিধি, সেন্ট্রাল ভিস্টার শ্রমযোগী, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার প্রতিনিধি, খাদি কর্মী, সীমান্ত সড়ক অমৃত সরোবর ও হর ঘর জল প্রকল্পের নির্মাণ শ্রমিক, প্রাথমিক স্কুল শিক্ষক, নার্স এবং মৎস্যজীবী প্রতিনিধিরা। জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে গোটা শহরে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। রবিবার রাত থেকেই ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে একাধিক এলাকায়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে ১২টি জায়গায় তৈরি করা হয়েছে সেলফি পয়েন্ট। এ বছরের স্বাধীনতা দিবসকে বৃহত্তর ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এবারের থিম হল ‘জাতি প্রথম, সর্বদাই প্রথম’।

আরও পড়ুন    স্বাধীনতা দিবসের আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রেড রোড

রাজধানী দিল্লির পাশাপাশি প্রতি বছরের মত এ বছরও রেড রোডে উদযাপিত হতে চলেছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসেই আগেই আটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রেড রোডে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রেড রোড। শনিবার থেকেই নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভিভিআইপি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে রেড রোড সংলগ্ন এলাকা ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার। সঙ্গে থাকবেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনারও। জানা গিয়েছে,স্বাধীনতা দিবসে রেড রোডে ২ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। সেইসঙ্গে শহরের বিভিন্ন জায়গায় গেস্ট হাউজে চেকিং করবে কলকাতা পুলিশ। বিভিন্ন জায়গায় ৬টি ওয়াচ টাওয়ার বসবে। পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে ৬টি। তার মধ্যে ৮৬টি সেক্টর থাকবে। ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন ১৭ জন। এছাড়াও ট্রাফিকের জন্য আরও ২জন থাকছে। এছাড়াও ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ৯০ জন ইনস্পেক্টর থাকছেন। কিউআরটি টিম, ৪টি স্যান্ড ব্যাগ মোর্চা, ১১টি স্যান্ড ব্যাগ বাঙ্কারও থাকছে।

জানা গিয়েছে, এ বছর স্বাধীনতা দিবসের দিন রাজ্যের ছ’জন আইপিএস অফিসারকে পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরস্কারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব। অন্যদিকে, চিফ মিনিস্টারস পুলিশ মেডেল পাচ্ছেন, আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।

About Post Author