Home » অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথেই কি হাঁটছে বিজেপি?

অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথেই কি হাঁটছে বিজেপি?

সময় কলকাতা ডেস্ক, ১৮ আগস্ট : দেখতে দেখতে পাঁচ বছর পূর্ণ হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর তিরোধানের। বুধবার ছিল ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুদিন। ২০১৮ সালের এই দিনে পরলোকগমন করেন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী বাজপেয়ী। বিগত কয়েক বছরের মতো এবারও দিল্লিতে অটলের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। এছাড়া রাজনাথ সিং, অমিত শাহ-সহ অনেক কেন্দ্রীয় মন্ত্রী হাজির ছিলেন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময়। প্রধানমন্ত্রী মোদি টুইটে বলেন, ‘দেশের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আমি অটলজির স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। তাঁর নেতৃত্বে ভারত নানাভাবে সমৃদ্ধশালী হয়েছে। তিনি আমাদের দেশকে একবিংশ শতাব্দীর উপযোগী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

উল্লেখ্য যে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের সময় সেখানে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী প্রফুল প্যাটেল, বিহারের হিন্দুস্থান আওয়াম পার্টির জিতনরাম মাঝি এবং উত্তর প্রদেশের আপনা দল (সোনাওয়াল) গোষ্ঠীর নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল উপস্থিত ছিলেন। তুলনামূলক চৰ্চা হতেই পারে অতীত ও বর্তমানের।দেশের শাসনভার সফল ও কুটনৈতিক ভাবে সামলানোর লক্ষ্যে সবাইকে একসাথে নিয়ে চলার মন্ত্রে বিশ্বাসী অটল বিহারী বাজপেয়ীর পথ ধরেই কি হাঁটছে বিজেপি? নাকি পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপির মার্গদর্শন ভিন্ন?

উল্লেখ্য,বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-র মূল চালিকা শক্তি ছিলেন বাজপেয়ী। তাঁর দিকে তাকিয়ে, তাঁর ব্যক্তিত্বে  আকৃষ্ট হয়ে  বহু অবিজেপি দল এনডিএ যোগ দেওয়ায় কংগ্রেসকে দিল্লির মসনদ থেকে অপসারণে সক্ষম হয় বিজেপি। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর বিজেপি নেতৃত্বের সঙ্গে তৎকালীন শরিক দলের নেতাদের দূরত্ব তৈরি হতে থাকে। ভাঙ্গন দেখা যায় জোটে, চার বছরের মাথায় ২০১৮ সালে এনডিএ অনেকটাই ভেঙে যায়। ২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে এবার নরেন্দ্র মোদীই এনডিএ-কে জোড়া দেওয়ার কাজ হাতে নিয়েছেন। তেলেগু দেশম পার্টি, অকালি দলের মতো অনেক বড় দলকে এখনও সামিল করা না গেলেও ৩৮টি ছোট-বড় পার্টিকে নিয়ে ফের ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সকে শক্তিশালী করার চেষ্টা শুরু হয়েছে। জোটকে আরও মজবুত করতে অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথে হাঁটাই আজও বিজেপির কাছে রক্ষাকবচ হতে পারে তা বলাই বাহুল্য। প্রশ্ন হল, সেই সৌম্য অথচ গম্ভীর, সুমিষ্ট অথচ কঠোর হয়ে উচ্চ-নিচ ভেদ না রেখে বরাভয় দানে কতটা সক্ষম হবে বিজেপির উচ্চ নেতৃত্ব?

About Post Author