Home » বৃষ্টি ভেজা সন্ধ্যার টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক পনির প্যাটিস

বৃষ্টি ভেজা সন্ধ্যার টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক পনির প্যাটিস

সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট: বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনে একটু তেলেভাজা না খেলে যেন চলেই না। সন্ধ্যার টিফিনে সবসময় একই রকম পদ খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পনির প্যাটিস।  ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পনির প্যাটিস। চিকেন বা ভেজিটেবল প্যাটিস তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন লোভনীয় পনির প্যাটিস। বাড়ির ছোটরা একবার এই পনির প্যাটিস খেলে আর ভুলতে পারবে না। পনির প্যাটিস বানানোর জন্য রইল খুব সহজ একটি পদ্ধতি-

উপকরণ

পনির-৫০০ গ্রাম

ময়দা-৫ কাপ

আদা ও রসুন বাটা- ২ টেবিল চামচ

পেঁয়াজ ও লঙ্কা কুচি- হাফ কাপ

গাজর কুচি-হাফ কাপ

ক্যাপসিকাম কুচি- হাফ কাপ

হলুদ গুঁড়ো-১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

ভাজা জিরে গুঁড়ো- ২ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো-হাফ চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

নুন- পরিমাণ মত

পদ্ধতি 

প্রথমে নুন ও গোলমরিচ দিয়ে পনীরগুলি মাখিয়ে রেখে দিন। এবার একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে নুন ও তেল দিয়ে শুকনোতেই ভালো করে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মত জল দিয়ে ভালো করে ময়দা মেখে নিন। এবার এটি ১৫ মিনিট মত ঢেকে রেখে দিন। এবার একটি পাত্রে তেল গরম করে তাতে আদা রসুন বাটা আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর একটু ভাজা হলেই সেদ্ধ পনির আর পেয়াঁজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এটি কিছুক্ষন রান্না করার পরেই সামান্য জল দিয়ে পরিমাণ মত হলুদ গুঁড়ো,  ভাজা জিরে গুঁড়ো,  ধনে গুঁড়ো,  গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে নিন। এরপর রান্না হয়ে গেলে গাজর ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে রান্না করে ৫ মিনিট হালকা আঁচে রেখে দিন।

আরও পড়ুন    রেস্তোরাঁ স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন মালাই পমফ্রেট

এবার ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে লুচির আকারে বেলে নিতে হবে। এবার মাঝে পূর দিয়ে ভালো করে প্যাটিস এর আকারে করে নিতে হবে। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে প্যাটিস গুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিন। ব্যস, তৈরি আপনার পনির প্যাটিস। সন্ধ্যেবেলায় সস বা মেয়োনিজ সহযোগে গরম গরম পরিবেশন করুন পনির প্যাটিস।

About Post Author