সুজয় ভট্টাচার্য ও দীপ সেন, সময় কলকাতা , ২৫ আগস্ট : এপ্রিল মাসে শক্তিগড়ে জাতীয় সড়কে ল্যাংচা দোকানের সামনে খুন হয়ে যান কয়লা মাফিয়া রাজু ঝা। তোলপাড় পড়ে যায় পূর্ব বর্ধমান তথা রাজ্যে।দশদিনের মধ্যে শক্তিগড়ের হীরাগাছিতে আবার খুন হন আইটিআই পড়ুয়া। এবার অবশ্য তেমন আলোড়ন পড়ে নি। চারমাসের মধ্যে আবার শুট আউট শক্তিগড়ে। এবার শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে একটি সোনার দোকানে গুলি চলল। পেটে গুলি লেগেছে সোনার দোকানের মালিকের।তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকালে ১১ টা নাগাদ মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এবং দোকানে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে তাদের অভিপ্রায় লুঠ ও ছিনতাই বলেই জানা গিয়েছে। ক্রেতা সেজে তারা দোকানে ঢুকে লুঠতরাজ চালাতে গেলে দোকানের মালিক স্বদীপ দাস তাদের বাধা দেন। বাধা পেয়েই ক্লোস রেঞ্জ থেকে তাঁকে গুলি চালায় এক দুষ্কৃতী। সেই অবস্থাতেও আততায়ীকে জাপটে ধরে রেখেছিলেন দোকান মালিক। শব্দ ও গোলযোগ শুনে ছুটে দোকানে ঢোকেন আরেক স্থানীয় ব্যবসায়ী। তাঁকেও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়। তিনি বাধা দিতে সাহস পান নি। এরপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। অতঃপর গুরুতর জখম দোকানমালিক স্বদীপ দাসকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে।অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় সহ শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।

তদন্ত চলছে।পুলিশ শুট আউটের বিষয় সরেজমিনে খতিয়ে দেখছে। নিছকই ছিনতাই নাকি অন্য কোনও কারণ রয়েছে এদিনের ঘটনার পেছনে তাও খতিয়ে দেখা হচ্ছে।একের পর এক দুঃসাহসিক ঘটনা, অপরাধমূলক ঘটনার কেন্দ্র হয়ে উঠতে চলছে ল্যাংচার জন্য বিখ্যাত শক্তিগড়। স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা শক্তিগড়ে।।
আরও পড়ুন : পরিযায়ী পাখির মত ধুপগুড়ি উপনির্বাচনে ভোটার হচ্ছেন বাংলাদেশীরা


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম