সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট: ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় মেগা বৈঠকে যোগ দিতে বুধবার মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন রাখি বন্ধন উৎসবও রয়েছে। সূত্রের খবর, ওই দিন মুম্বইতে অভিনেতা অমিতাভ বচ্চনকে রাখি পরাতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে পৌঁছেই বিমানবন্দর থেকে সোজা জুহুতে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’য় যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। গতবার কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি ছিলেন অমিতাভ। তাঁর সঙ্গে এসেছিলেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন। জয়ার নিমন্ত্রণেই জলসায় চায়ের নিমন্ত্রণ রক্ষা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মতে, অমিতাভ বচ্চনের বাসভবনে মমতার যাওয়ার বিষয়টিও নিছকই সৌজন্য। এপ্রিল মাসে রাজ্যসভায় জয়া বচ্চনের মেয়াদ শেষ হচ্ছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বর্তমানে বিধায়ক সংখ্যা ১০৮ হওয়ায় সংখ্যার জোরে জয়ার পুনরায় রাজ্যসভায় ফেরা মুশকিল। এই পরিস্থিতিতে বচ্চন পরিবার ও তৃণমূল—এই দুই শিবিরের মধ্যেই আগ্রহ হয়েছে জয়াকে বাংলা থেকে মনোনয়ন দেওয়ার। এপ্রিল মাসে বাংলা থেকেও রাজ্যসভায় চারটি আসনে ভোট হবে। ওই নির্বাচনে জয়াকে তৃণমূল থেকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দলের একাংশ সাংসদের মধ্যেও আগ্রহ রয়েছে।

এদিকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহেই ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন আম আদমি পার্টি। জানা গিয়েছে,আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে যোগ দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল নিজেই একথা জানিয়েছেন। দিল্লি আসন সমঝোতা নিয়ে বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের সঙ্গে আপ-এর দূরত্ব তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব জোটে পড়বে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন,‘ আমি ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে যোগ দিতে মুম্বই যাচ্ছি। তারপর সেখানে কী হয় আপনাদের জানাব।‘
আরও পড়ুন প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে ডুবে মৃত্যুর গল্প ফেঁদে গ্রেফতার স্ত্রী

সূত্রের খবর, এই তৃতীয় বৈঠকের আয়োজনের দায়িত্বে রয়েছেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার। বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠকের পরই ঠিক হয়েছিল যে, আগস্ট মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৫-২৬ তারিখে মুম্বইয়ে ফের বৈঠকে বসা হবে। কিন্তু সেসময় জোটের বেশ কয়েকজন নেতা সময় দিতে পারছেন না। কার্যত সেকারণে ওই মেগা বৈঠক পিছিয়ে দেওয়া হয়। এর আগে নীতীশ কুমারের ডাকে বিহারে আয়োজিত হয়েছিল প্রথম বৈঠক। এরপর বেঙ্গালুরুতে জুলাই মাসে আয়োজিত হয় বিরোধীদের দ্বিতীয় বৈঠক। সূত্রের খবর, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে বৈঠকে অংশ নিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও মুম্বইয়ে যাবেন। মুম্বইয়ের বৈঠকে বিরোধী জোটের আহ্বায়ক কে হবেন, খুব শীঘ্রই তা ঠিক করে ফেলা হবে। লড়াইয়ে আছেন প্রবীণ নেতা শরদ পওয়ার এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ আরও কয়েকজন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ‘ইন্ডিয়া’ জোটের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে মুম্বইয়ে এই তৃতীয় বৈঠকে।


More Stories
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী