Home » তেহট্টে ফের লাল ঝড়, সমবায় সমিতির নির্বাচনে বড় জয় বামেদের

তেহট্টে ফের লাল ঝড়, সমবায় সমিতির নির্বাচনে বড় জয় বামেদের

সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বরঃ ফের তেহট্টে উড়ল লাল নিশান। তেহট্ট মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় সিপিএমের। তেহট্ট ১ ব্লকের ছিটকা পঞ্চায়েতের মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল ৬২টি। মোট ভোটার সংখ্যা ছিল ১৬০৮ জন। ওই আসনের মধ্যে আগেই ১৮ টি আসনে জয়ী হয় সিপিএম। বাকি ৪৪ টি আসনে সিপিএম ও বিজেপির নির্বাচনী লড়াই হয়। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরাট ব্যবধানে জয় পায় সিপিএম।

আরও পড়ুন       ‘জি-২০ সম্মেলনের মত স্পিকারদের নিয়ে পি-২০ সম্মেলনও হবে’, সংসদের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী

রবিবার নির্বাচনের শেষে ফলাফলে দেখা যায় ৬২ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম সমর্থিত প্রার্থীরা ৫০টি আসনে জিতেছেন এবং বিজেপি সমর্থিত প্রার্থী ১২ টি আসনে জয়ী হয়েছেন। তাহেরপুর পুরসভার উপনির্বাচন, পলাশিপাড়ার সমবায়ের পর তেহট্ট সমবায় নির্বাচনেও উড়ল লাল আবিরই। এদিন আবির মেখে জয়ের আনন্দে মাতলেন বাম কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, ১৯৭৭ সালের পর থেকেই তেহট্টের সমবায় সমিতির পরিচালন কমিটিতে ক্ষমতায় রয়েছে বামেরা। যদিও মৃগী কৃষি সমবায় নির্বাচনে কোনও আসনেই প্রার্থী দিতে পারেননি তৃণমূল।

এ প্রসঙ্গে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা বলেন, ‘প্রার্থী না দেওয়ার আসল কারণই হল, সমবায়গুলিতে সিপিএম তাঁদের নিজেদের আত্মীয় স্বজনদের ভোটার করে রেখেছে। ফলে সেখানে আমাদের প্রার্থী দেওয়া না দেওয়া সমান।’ অন্যদিকে, নদিয়া জেলা উত্তর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ভোটার সব সিপিএমের ছিল। সেখান আমরা ৪৪টি আসনে প্রার্থী দিতে পেরেছি। মানুষ ধীরে ধীরে আমাদের ভরসা করছেন।’

আরও পড়ুন   ভোপালে ‘ইন্ডিয়া জোটের’ প্রথম জনসভা বাতিলের ঘোষণা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের

About Post Author