Home » ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত ১৪

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত ১৪

সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবরঃ ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার বেলা এগারোটা নাগাদ আফগানিস্তানের পশ্চিমাঞ্চল জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে। আফগানিস্তানের হেরাত, বাদঘিস, ফারাহ প্রদেশের বাসিন্দারা এই ভূকম্পন অনুভব করেন। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আহত  ৮০ জনেরও বেশি মানুষ।  ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফিগানিস্তানের ওই এলাকার সবথেকে বড় শহর হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

আরও পড়ুন    এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে অঘটন, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে আফগানিস্তান

এদিন মোট পাঁচবার আফটার শক অনুভূত হয়। প্রথম কম্পন অনুভূত হয় দুপুর ১২ টা ১১মিনিট নাগাদ। সেসময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। এরপর দুপুর ১২ টা ৪২ নাগাদ দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা ছিল ৬.২। এরপর আরও তিনবার কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়া মাত্রই বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। সেখানকার অনেক বাড়িঘর ভেঙে পড়েছে। বেশকিছু এলাকায় ভূমিধসেরও খবর পাওয়া গিয়েছে। গত মঙ্গলবারই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ২৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। সেসময় কম্পনের মাত্রা ছিল ৪.৬।

আরও পড়ুন   কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়, ফাঁসি মকুব -দুজন বাদে মুক্তি পেতে চলেছে অভিযুক্তরা,কামদুনির হাতে পড়ে রইল পেন্সিল

এরপর দুপুর ২টো ৫১ মিনিটে দ্বিতীয়বার ফের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। এদিন কম্পনের উৎসস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র নেপাল। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাণহানির কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই কম্পন অনুভূত হয় দিল্লিতে। তড়িঘড়ি নীচে নেমে আসেন বহুতলে থাকা অনেকেই। দিল্লির পুলিশের তরফে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে।

About Post Author