সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: একশো দিনের কাজে বাংলার ‘বঞ্চিতদের’ টাকা আদায়ের দাবিতে সোমবারই অভিষেকের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই দিল্লি রওনা দেন রাজ্যপাল। দিল্লিতে পৌঁছেই মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, মূলত একশো দিনের কাজ নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠকের কথা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবেন। এর পাশাপাশি রাজভবনের বাইরে ১৪৪ ধারা মোতায়েন থাকার পরও অভিষেকের ধরনা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই ধরনা নিয়ে রিপোর্ট জমা করেছেন রাজ্যপাল।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে বিকেল ৪ টে ১০ মিনিট থেকে সাড়ে ৪ টা পর্যন্ত বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে ২০ লক্ষেরও বেশি চিঠি নিয়ে যাওয়া হয়েছিল। সেই চিঠিগুলি বঞ্চিতরাই লিখেছিলেন বলে দাবি তৃণমূলের। মিনিট কুড়ির বৈঠক হয় রাজভবনে। বৈঠকে রাজ্যের বঞ্চিতদের সমস্যা কেন্দ্রের কাছে তুলে ধরবেন বলেই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। এরপরই এদিন সন্ধ্যায় রাজভবনের সামনে থেকে ধরনা প্রত্যাহার করে নেয় তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, বঞ্চিতদের টাকা আদায়ে দিল্লি চলো অভিযানে গিয়েছিল তৃণমূল। সেখানে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি জানিয়েও দেখা পায়নি তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল।
আরও পড়ুন ১২৮ বছর পর, ঐতিহ্যের অলিম্পিক্সে প্রত্যাবর্তন ক্রিকেটের?

এরপরই দিল্লি পুলিশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ শান্তনু সেন, মহুয়া মৈত্র, দোলা সেন সহ বেশ কয়েকজন সাংসদকে আটক করেছিল। দিল্লিতে দীর্ঘক্ষণ পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পেয়েই রাজধানীতে দাঁড়িয়ে অভিষেক ঘোষণা করেছিলেন, বাংলার মানুষের দাবির কথা জানাতে বৃহস্পতিবার রাজভবন অভিযান কর্মসূচিতে সামিল হবে তৃণমূল। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রাজ্যপালের হাতেই বঞ্চিত মানুষের ৫০ লক্ষ চিঠি তুলে দেওয়া হবে। কিন্তু, এদিনই আবার রাজভবন ছেড়ে উত্তরবঙ্গ সফরে চলে যান রাজ্যপাল। দিল্লিতে তৃণমূলকে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবারই রাজ্যপালহীন রাজভবন অভিযানে নেমেছিল তৃণমূল। একশো দিনের কাজে বাংলার ‘বঞ্চিতদের’ টাকা আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে গেছিল তৃণমূল। বৃহস্পতিবারের পর শুক্রবারও বেলা ১১টা থেকে মঞ্চে ঝাঁঝ বাড়াতে শুরু করেছিল অভিষেক ও তৃণমূলের অন্যান্য প্রথম সারির নেতারা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর