সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। তারই মধ্যে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা বিহারের বক্সারে। বুধবার রাত ৯টা ৩৫ নাগাদ বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক বগি। লাইনচ্যুত বগিগুলির মধ্যে একটি জেনারেল কোচ এবং দুটি এসি কোচ আছে। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন ট্রেনটি দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে অসমের দিকে যাচ্ছিল। এরপর বক্সার থেকে আরার মধ্যে এক জায়গায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে,লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৭০

রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। তবে, একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। অসমর্থিত সূত্র মারফত খবর, ৪৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন বক্সারের জেলাশাসকও। ঘটনার যে সকল ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেগুলিতে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারাই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। বহু আহত মানুষকে লাইনচ্যুত হওয়া বগি থেকে উদ্ধার করছেন।
ইতিমধ্যেই উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যাগামী ১২৫০৬ নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক কামরা রাত ৯টা বেজে ৩৫ মিনিট নাগাদ দানাপুর মণ্ডলের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। উত্তর রেলওয়ে হেল্পলাইন নম্বরও চালু করেছে। দানাপুরের জন্য- 8905697493,সিওএমএম কন্ট্রোলের জন্য- 7759070004 , পাটনার জন্য- 9771449971 এবং আরার জন্য- 8306182542 নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর